চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: গত ছয় দিন ধরে ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীরা প্রবল বিক্ষোভ দেখিয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) তাদের শোকজ় নোটিস জারি করায় রবিবার ইন্ডিগো একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে সংস্থা জানিয়েছে, রবিবার সারাদিনে ১৫০০ ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ফ্লাইট পরিষেবার ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ইন্ডিগোর বিবৃতিতে আরও বলা হয়েছে, শনিবার ১১৩টি গন্তব্যের জন্য ৭০০টির বেশি ফ্লাইট সফলভাবে পরিচালনা করা হয়েছে। বর্তমানে ১৩৮টি রুটের মধ্যে ১৩৫টিতে পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই ব্যাখ্যার সঙ্গে সংস্থা পুনরায় যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।
DGCA-এর শোকজ় নোটিসে উল্লেখ করা হয়, সম্প্রতি ইন্ডিগো-এর পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটেছে, যার ফলে যাত্রীদের অসুবিধা হয়েছে। গোটা ফ্লাইট নেটওয়ার্কে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
বিমানমন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, এই পরিস্থিতি কেন তৈরি হলো তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি পুরো পরিস্থিতি তদন্ত করবে এবং যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।