ad
ad

Breaking News

Indian tankers

হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা ! ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

নয়াদিল্লির পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

indian-tankers-strait-of-hormuz-iran-navy

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: হরমুজ প্রণালীতে ভারতীয় তেলবাহী জাহাজের ওপর ইরানের নৌসেনার হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইরাক থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে ফেরার পথে ‘জাগ অর্ণব’ ও ‘সামনার হেরাল্ড’ নামে দুটি ভারতীয় জাহাজকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ইরানের নৌবাহিনী। ২০ লক্ষ ব্যারেল তেল বোঝাই এই জাহাজ দুটি উত্তর ওমান উপকূলের কাছে পৌঁছাতেই অতর্কিতে এই হামলা চালানো হয়। এর ফলে ‘জাগ অর্ণব’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য জাহাজটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে হামলার মুখে পড়ে মাঝপথ থেকেই পিছু হটতে বাধ্য হয়েছে জাহাজ দুটি।

এই আকস্মিক ও নৃশংস হামলার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলার কারণ জানতে ও এর তীব্র প্রতিবাদ জানাতে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিকে তলব করেছে বিদেশমন্ত্রক। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের কোনও যুদ্ধজাহাজ উপস্থিত না থাকলেও, ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার মোতায়েন রয়েছে। বিদেশমন্ত্রক এই ঘটনার কড়া নিন্দা করার পাশাপাশি পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার মাঝেই এই বিপত্তি ঘটল। ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানালেও, আমেরিকার নৌ-অবরোধ জারি রাখা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, আমেরিকা যতক্ষণ না ইরানের জাহাজের অবাধ চলাচলের নিশ্চয়তা দিচ্ছে, ততক্ষণ এই জলপথ সুরক্ষিত থাকবে না। এই কূটনৈতিক টানাপোড়েনের বলি হতে হলো ভারতীয় বাণিজ্যিক জাহাজকে, যা নিয়ে এখন দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে।