Bangla Jago Desk: ভারতীয় রেল এবার তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক করা হবে ই-আধার প্রমাণীকরণ। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি লেখেন, ‘ ভারতীয় রেল শীঘ্রই তৎকাল টিকিট বুক করার জন্য ই-আধার প্রমাণীকরণ ব্যবহার শুরু করবে।
এই ব্যবস্থাটি কার্যকর হলে রেল যাত্রীরা তাদের টিকিট পেতে আরও সুবিধা হবে। চলতি মাস থেকেই এই নয়া প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’ জানা গিয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ের সময় অনিয়ম নিয়ন্ত্রণে আনতে আধার যাচাইয়ের পর কাউন্টার-ভিত্তিক তৎকাল টিকিটও বুক করা হতে পারে। একথায় বলা যায়, তৎকালের টিকিটে যাতে না কোন জালিয়াতি হয় সেইজন্য ভারতীয় রেলের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।
উল্লেখ্য, শেষ মুহূর্তে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনে টিকিট পেতে ভরসা তৎকাল অপশনই। যাত্রা বা সফরের আগের দিন তৎকাল টিকিট বুকিং শুরু হয়। তবে যাত্রীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৎকালে টিকিটই মিলছে না। টিকিট বুকিং করতে গেলেই অনেকসময় ওয়েবসাইট ডাউন হয়ে যায়। দীর্ঘদিন ধরে তৎকাল টিকিট নিয়ে জালিয়াতির বিস্তর অভিযোগ।
অন্যদিকে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন টিকিট বুকিং সিস্টেমে একটি বিশাল সাইবার জালিয়াতি চক্র ফাঁস করেছে। আইআরসিটিসি গত এক বছরে ৩.৫ কোটি ভুয়া ইউজার আইডি ব্লক করেছে। এই জালিয়াতি রুখতে রেল কর্তৃপক্ষ এখন একটি ‘ অ্যান্টি-বট’ অ্যাপ্লিকেশন মোতায়েন করেছে। এই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয় টিকিট বুকিং শনাক্ত এবং ব্লক করতে সাহায্য করে। এই আবহে তৎকালে টিকিট বুকিং নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল।