ad
ad

Breaking News

Tamil Nadu

আমেরিকায় প্রাক্তন প্রেমিকাকে খুন করে পলায়ন! তামিলনাড়ু থেকে গ্রেফতার ভারতীয় যুবক

পরের দিন, ৩ জানুয়ারি, মেরিল্যান্ডের কলম্বিয়ায় অর্জুনের ভাড়া করা ফ্ল্যাট থেকে নিকিতার দেহ উদ্ধার করা হয়।

indian-man-arrested-for-murder-in-usa

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন প্রেমিকাকে খুন করে দেশ ত্যাগের অভিযোগে অবশেষে গ্রেফতার করা হয়েছে ভারতীয় যুবক অর্জুন শর্মাকে। দীর্ঘ আন্তর্জাতিক তল্লাশির পরে ইন্টারপোলের সহায়তায় তামিলনাড়ু থেকে তাঁকে আটক করা হয়। নিহত তরুণী নিকিতা গোধিশালা ছিলেন তেলুগুভাষী।

মেরিল্যান্ডে বসবাসকারী ২৭ বছরের নিকিতা গোধিশালার নিখোঁজের অভিযোগ ২ জানুয়ারি দায়ের করা হয়। অভিযোগটি জানান তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা, যিনি পুলিশকে জানান, নতুন বছরের আগের রাতে তাঁকে শেষবার দেখেছেন তিনি। কিন্তু অভিযোগের দিনই অর্জুন ভারতে চলে যান, যা তদন্তকারীদের সন্দেহের জন্ম দেয়।

পরের দিন, ৩ জানুয়ারি, মেরিল্যান্ডের কলম্বিয়ায় অর্জুনের ভাড়া করা ফ্ল্যাট থেকে নিকিতার দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একাধিক ছুরিকাঘাতের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর, অর্জুনের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। হত্যার কারণ এখনো তদন্তাধীন।

নিকিতা গোধিশালা কর্মজীবনে ছিলেন সফল। তিনি ভেহেদা হেলথ সংস্থায় ডেটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই সংস্থায় যোগদান করেন এবং সম্প্রতি ‘অল-ইন অ্যাওয়ার্ড’ও পান। এলিকট সিটিতে একাই থাকতেন তিনি।

অর্জুন দেশ ত্যাগের পর মার্কিন ফেডারেল এজেন্সি ভারতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে। একাধিক সূত্র চিহ্নিত করে ইন্টারপোলের সাহায্যে তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেফতার করা হয়। খুব শিগগিরই তাঁর প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হতে পারে।

ঘটনার প্রেক্ষিতে ভারতের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, নিকিতার পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সব ধরনের সহায়তা প্রদান করছেন। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ছবি নিয়ে বিভ্রান্তি কাটাতে প্রশাসন জানিয়েছে, ওই ছবিতে থাকা ব্যক্তি এই মামলার অভিযুক্ত নয়। মার্কিন মুলুকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত এখনও চলছে।