ad
ad

Breaking News

India US trade deal

রপ্তানিতে ছাড়, আমদানিতে কড়াকড়ি! মার্কিন চুক্তিতে ভারতের কৃষকদের স্বার্থ রক্ষার গ্যারান্টি কেন্দ্রের

গত সপ্তাহেই প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সমঝোতার ঘোষণা করেন।

india-us-trade-deal-agriculture

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আমেরিকার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যচুক্তি নিয়ে দেশের কৃষিক্ষেত্র ‘বিক্রি করে দেওয়া হয়েছে’—এই অভিযোগ তুলেছিল বিরোধীরা। তবে সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে কেন্দ্রীয় সরকার জানাল, ভারতের কৃষিক্ষেত্র পুরোপুরি সুরক্ষিত রয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে এই বাণিজ্যিক সমঝোতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

দীর্ঘ দরকষাকষি ও টানটান আলোচনার পর ভারত ও আমেরিকার মধ্যে এই বাণিজ্যচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। গত সপ্তাহেই প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সমঝোতার ঘোষণা করেন। শনিবার দুই দেশের তরফে অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা নিয়ে যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল জানান, ভারতীয় পণ্যের উপর আমেরিকার আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হচ্ছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রীর দাবি, এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। আমেরিকার বাজারে যেসব দেশের সঙ্গে ভারতের প্রতিযোগিতা রয়েছে, তাদের তুলনায় ভারত এখন অনেক বেশি সুবিধাজনক অবস্থানে। বর্তমানে চিনা পণ্যের উপর আমেরিকার শুল্ক ৩৫ শতাংশ, ভিয়েতনাম ও বাংলাদেশের উপর ২০ শতাংশ এবং ইন্দোনেশিয়ার উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। সেখানে ভারতীয় পণ্যের ক্ষেত্রে শুল্কের হার নামিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে।

এছাড়া এই বাণিজ্যিক সমঝোতার আওতায় কিছু পণ্য বিনাশুল্কে আমেরিকায় রপ্তানির সুযোগও পাবে ভারত। সেই তালিকায় রয়েছে স্মার্টফোনের মতো গুরুত্বপূর্ণ পণ্য।

দেশের কৃষিক্ষেত্র পুরোপুরি সুরক্ষিত বলেও স্পষ্ট করেন পীযূষ গোয়েল। তিনি জানান, ভারত থেকে মশলা, চা, কফি, নারকেল তেল, কাজু এবং বিভিন্ন ফল ও সবজি বিনাশুল্কে আমেরিকায় রপ্তানি করা যাবে। তবে ভারতের কৃষিখাতকে সম্পূর্ণভাবে বিদেশি প্রতিযোগিতার জন্য খুলে দেওয়া হয়নি বলেও তিনি জোর দেন।

বাণিজ্যমন্ত্রী জানান, যেসব কৃষিপণ্যে ভারত স্বনির্ভর, সেগুলি এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। জেনেটিকালি মডিফায়েড ফসল, মাংস, পোলট্রি, দুগ্ধজাত পণ্য, সয়াবিন, ভুট্টা, চাল, গম, চিনি এবং জোয়ার, বাজরা ও রাগির মতো শস্য কম শুল্কে আমেরিকা থেকে আমদানি করা যাবে না।

এছাড়াও কলা, স্ট্রবেরি, চেরি, সাইট্রাস ফল, গ্রিন টি, কাবুলি ছোলা, মুগ, তেলবীজ, চিনাবাদাম, নন-অ্যালকোহলিক পানীয়, স্টার্চ, ইথানল ও তামাকের মতো পণ্যের ক্ষেত্রেও কোনও শুল্কছাড় দেওয়া হয়নি বলে জানান পীযূষ গোয়েল।