চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভারতের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে রাশিয়ার তৈরি টুঙ্গুস্কা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) কেনার সিদ্ধান্ত নিল কেন্দ্র। নয়াদিল্লির কর্তব্যভবনে দ্বিপাক্ষিক প্রতিনিধি স্তরের বৈঠকের পর এই সংক্রান্ত ৪৪৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এস-৪০০ এবং পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পর এবার টুঙ্গুস্কা যুক্ত হতে চলেছে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে।
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিংহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সোভিয়েত যুগের এই টুঙ্গুস্কা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন, হেলিকপ্টার এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কম উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও দৃঢ় করবে।
তাৎপর্যপূর্ণভাবে, একই সপ্তাহে ভারতীয় নৌসেনার ক্ষমতা বাড়াতে আমেরিকা থেকে আরও পি-৮আই দূরপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান কেনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, এই চুক্তির অঙ্ক প্রায় ৪১৩ কোটি টাকা। বর্তমানে ভারতীয় নৌসেনার হাতে ১২টি পি-৮আই বিমান রয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি আরও জোরদার করতে এবং শত্রুপক্ষের ডুবোজাহাজ শনাক্ত করে আঘাত হানার ক্ষমতা বাড়াতে আরও বিমান মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই প্রাথমিকভাবে আরও ছ’টি পি-৮আই বিমান কেনার বিষয়ে চুক্তি হয়েছে বলে সূত্রের খবর।
দুই চুক্তিরই অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি অনুসরণ করে ভারতে যৌথ উদ্যোগে উৎপাদনের উপর জোর। পাশাপাশি, উৎপাদনের পরবর্তী পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতি সংক্রান্ত অর্থাৎ মেনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ব্যবস্থাও চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার টুঙ্গুস্কা সিস্টেম ভারতীয় স্থলবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে, অন্যদিকে পি-৮আই বিমানের সংখ্যা বাড়লে ভারতীয় নৌবাহিনীর নজরদারি ও সাবমেরিন-বিধ্বংসী ক্ষমতা আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে, সামরিক প্রস্তুতি ও আধুনিকীকরণের পথে আরও একধাপ এগোল ভারত।