ad
ad

Breaking News

India Fourth Largest Economy

India Fourth Largest Economy: এবার লক্ষ্য জার্মানি! ২০৩০-এর মধ্যে ৭.৩ ট্রিলিয়ন ডলার ছোঁবে ভারত?

গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ সংস্কারের ফলেই জাপানকে টপকে ৪.১৮ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে এই মাইলফলক অর্জন করেছে দেশ।

India Fourth Largest Economy Claim

চিত্রঃ AI

Bangla Jago Desk: মোদি সরকারের সফল অর্থনৈতিক নীতি ভারতকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে বলে দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও হামিরপুরের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ সংস্কারের ফলেই জাপানকে টপকে ৪.১৮ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে এই মাইলফলক অর্জন করেছে দেশ।

অনুরাগ ঠাকুর আরও বলেন, যে গতিতে ভারতের অর্থনীতি এগোচ্ছে, তাতে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে জার্মানিকে পিছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন। বর্তমান আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশে পৌঁছেছে, যা প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই বিজেপি নেতা। তিনি জানান, ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ইতিহাসে এই প্রথম ৭০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। ২০১৪ সালে ইউপিএ আমলের ৩১১ বিলিয়ন ডলারের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। রিজার্ভ ব্যাঙ্কও ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৩ শতাংশ করেছে।

বিবৃতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও তীব্র আক্রমণ করেন অনুরাগ ঠাকুর। তিনি অভিযোগ করেন, যখন দেশ দ্রুত উন্নতির পথে এগোচ্ছে, তখন রাহুল গান্ধী বিদেশে ভারতের অর্থনীতি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশকে হেয় করার চেষ্টা করছেন। অনুরাগ ঠাকুরের মতে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং পরিকাঠামোগত সংস্কারই ভারতকে আজ বিশ্বের দরবারে এক শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।