চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘ প্রতীক্ষার পর ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ফের শুরু হতে চলেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। দুই দেশের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে ফলপ্রসূ আলোচনার পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই মাসের শেষদিকেই কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই বিষয়ে একমত হয়েছে যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। এই পরিষেবা চালু হলে তা যে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ ও সহজ করে তুলবে, সে কথাও স্পষ্ট জানানো হয়েছে (India China Flights)।
পর্যবেক্ষক মহল মনে করছে, এই সিদ্ধান্ত ভারত-চিন সম্পর্কের অবনতি কাটানোর ক্ষেত্রে আরও একটি ইতিবাচক পদক্ষেপ। উল্লেখ্য, ২০২০ সালে কোভিড অতিমারীর কারণে কৈলাস-মানস সরোবর যাত্রা, সরাসরি বিমান চলাচল এবং ভিসা পরিষেবা ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছিল। এরপর গালওয়ান সংঘাতের জেরে দুই দেশের সম্পর্কে আরও চরম অবনতি ঘটে। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দুই দেশের মধ্যে সামরিক স্তরে একাধিক বৈঠক হয়েছে। চলতি বছর বেজিং-এর সবুজ সংকেতের পর কৈলাস-মানস সরোবর যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। এমনকি, ভারত সরকার চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে। এবার সরাসরি বিমান পরিষেবা শুরু হওয়া সেই প্রক্রিয়াকে আরও গতি দেবে (India China Flights)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের আবহাওয়ার মধ্যে এই পরিষেবা চালু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহল মনে করছে, উভয় দেশের সুবিধার জন্য চিনও ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্কনীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে শি জিনপিং-এর দেশ বিশেষভাবে উদ্যোগী হয়েছে। এই পরিস্থিতিতে উড়ান পরিষেবা চালু হওয়া যে দুই দেশের সম্পর্ককেই এক নতুন, ইতিবাচক দিকে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই পদক্ষেপ শুধু বাণিজ্য এবং পর্যটনই নয়, বৃহত্তর কৌশলগত সহযোগিতার দরজা খুলে দিতে পারে (India China Flights)।