চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে দেশের প্রথম বুলেট ট্রেন চালুর দিনক্ষণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, ভারতের বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন প্রকল্পের কাজ এখন জোরকদমে চলছে এবং ২০২৭ সালের ১৫ অগাস্টের মধ্যে ট্রেনটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এর কিছু দিনের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু হওয়ার কথা।
রেলমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, বুলেট ট্রেন একসঙ্গে পুরো রুটে চালু হবে না। ধাপে ধাপে পরিষেবা শুরু করা হবে, যাতে প্রযুক্তিগত পরীক্ষা, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী পরিষেবার মান যথাযথভাবে যাচাই করা যায়। দেশের প্রথম বুলেট ট্রেনের রুট নিয়েও আগ্রহ তুঙ্গে। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে সুরাট–বিলিমোরা রুটে বুলেট ট্রেন চলবে। এরপর পর্যায়ক্রমে ভাপি–সুরাট, ভাপি–আহমেদাবাদ, থানে–আহমেদাবাদ এবং শেষ দফায় মুম্বই–আহমেদাবাদ পুরো রুটে চালু হবে হাই-স্পিড ট্রেন। বুলেট ট্রেন মানেই শুধু তীব্র গতি নয়।
বিশেষজ্ঞদের মতে, এই ট্রেনগুলি হবে পরিবেশবান্ধব, অত্যন্ত সুরক্ষিত এবং যাত্রীস্বাচ্ছন্দ্যে ভরপুর। আধুনিক প্রযুক্তিতে তৈরি কোচগুলিতে থাকবে বিশ্বমানের সুযোগ-সুবিধা। রেলমন্ত্রক জানিয়েছে, মুম্বই–আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। এই করিডরে ট্রেনগুলি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলতে পারবে। পুরো করিডর চালু হলে মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিট।
উল্লেখ্য, এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। প্রথমে ২০২৩ সালের মধ্যে পরিষেবা চালুর লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। তবে বর্তমানে কাজের গতি দেখে ২০২৭ সালেই বুলেট ট্রেন চালু হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ঘোষণায় রেলপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিলই। তার মধ্যেই বুলেট ট্রেন চালুর দিনক্ষণ প্রকাশ্যে আসায় উচ্ছ্বাস আরও বেড়েছে। এখন সকলের চোখ ২০২৭ সালের দিকেই।