ad
ad

Breaking News

Hyderabad

হায়দ্রাবাদে গ্রেফতার ডাক্তারের থেকে উদ্ধার ‘রাইসিন’, কী এটি? কেন ক্ষতিকর?

গুজরাট এটিএস-এর দাবি, অভিযুক্ত চিকিৎসক ক্যাস্টর বীজ সংগ্রহ করেছিলেন মারাত্মক বিষ ‘রাইসিন’ নিষ্কাশনের উদ্দেশ্যে।

Hyderabad Doctor Arrested with Ricin Ingredients in Gujarat

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: গুজরাটের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) সন্ত্রাসযোগ সন্দেহে গ্রেফতার করা এক হায়দরাবাদের চিকিৎসকের কাছ থেকে প্রায় চার কিলোগ্রাম রাইসিন তৈরির উপকরণ উদ্ধার করেছে। গুজরাট এটিএস-এর দাবি, অভিযুক্ত চিকিৎসক ক্যাস্টর বীজ সংগ্রহ করেছিলেন মারাত্মক বিষ ‘রাইসিন’ নিষ্কাশনের উদ্দেশ্যে (Hyderabad)।

গ্রেফতার হওয়া চিকিৎসকের নাম আহমেদ মহিউদ্দিন সৈয়দ। তাঁকে ৭ নভেম্বর হায়দরাবাদ থেকে আটক করা হয়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, তিনি দিল্লি ও আমদাবাদের জনবহুল এলাকায়, বিশেষত খাদ্যবাজারের কাছাকাছি নাশকতার পরিকল্পনা করেছিলেন।

রাইসিন কী?

রাইসিন একটি অত্যন্ত বিষাক্ত জৈব রাসায়নিক পদার্থ, যা ক্যাস্টর বীজ থেকে তেল নিষ্কাশনের পর উপজাত হিসেবে থেকে যায়। এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক বিষ হিসেবে পরিচিত। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) একে ‘গ্রেড বি বায়োলজিক্যাল উইপন এজেন্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। একইসঙ্গে, ‘কেমিক্যাল উইপনস কনভেনশন’-এর অধীনে এটি ‘স্কেডিউল-ওয়ান’ অস্ত্রের অন্তর্ভুক্ত (Hyderabad)।

এই বিষ শরীরে প্রবেশ করলে শ্বাসযন্ত্র, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনিতে মারাত্মক প্রভাব ফেলে। শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও বুকে চাপের মতো উপসর্গ দেখা দেয়; আর খাওয়ার মাধ্যমে প্রবেশ করলে বমি, ডায়রিয়া, রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে।

রাইসিনের কোনও নির্দিষ্ট প্রতিষেধক এখনো তৈরি হয়নি। সিডিসির পরামর্শ, এর সংস্পর্শ এড়িয়ে চলাই একমাত্র উপায়, আর যদি সংস্পর্শ ঘটে, দ্রুত শরীর থেকে তা দূর করা জরুরি।

রাইসিন ব্যবহারের ইতিহাসও আতঙ্কজনক। ১৯৭৮ সালে লন্ডনে বুলগেরিয়ান লেখক ও সরকারবিরোধী কর্মী জর্জি মার্কভকে রাইসিন মেশানো ছাতার আঘাতে হত্যা করা হয়। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপির এক ব্যক্তি রাইসিন মেশানো চিঠি পাঠানোর অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড পান। ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঠানো এক বিষচিঠিতেও রাইসিন ব্যবহারের প্রমাণ মেলে।

বর্তমানে গুজরাট এটিএস আটক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে, তাঁর উদ্দেশ্য ও যোগাযোগের সূত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। গুজরাট এটিএস–এর আধিকারিকদের কথা অনুযায়ী, “এই বিষ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জৈব অস্ত্র। ধৃত চিকিৎসকের কাছ থেকে পাওয়া উপাদানগুলি বড় কোনও ষড়যন্ত্রের অংশ হতে পারে (Hyderabad)।”