এআই নির্মিত ছবি
AK Bangla Desk: পাহাড়ি রাস্তায় এক চুল এদিক-ওদিক হলেই নিশ্চিত মৃত্যু! চারদিকে উপচে পড়া পাহাড়ি নদীর মতো ভয়াল জলস্রোত, আর তার ঠিক মাঝখানেই বাইকের হ্যান্ডেল ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এক অসহায় যুবক। শেষপর্যন্ত কোনও আধুনিক উদ্ধারকারী সরঞ্জাম নয়, জীবন বাঁচানোর একমাত্র ‘লাইফলাইন’ হয়ে উঠল নারীদের পরিহিত সাধারণ দুটি ওড়না! হিমাচল প্রদেশের চম্বা জেলায় হড়পা বানের মুখে পড়া এক মোটরবাইক আরোহীকে এভাবেই ফিল্মি কায়দায় উদ্ধার করল এক সফররত পরিবার। সেই রোমহর্ষক উদ্ধারকাজের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল।
ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চম্বার কাকিয়ারা-টুনুহাট্টি সংযোগকারী পার্বত্য সড়কে। প্রবল বর্ষণের জেরে আচমকা পাহাড়ের ওপর থেকে রাস্তায় নেমে আসে বিধ্বংসী হড়পা বান। সেকেন্ডের মধ্যে পাহাড়ি রাস্তাটি রূপান্তরিত হয় উত্তাল খরস্রোতা নদীতে। স্থানীয় একটি গ্রাম থেকে আসার পথে আচমকাই সেই অপ্রতিরোধ্য স্রোতের মাঝে আটকে পড়েন এক মোটরবাইক আরোহী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তিনি কোনোমতে নিজের মোটরবাইকের হ্যান্ডেল আঁকড়ে ধরে নিজেকে সোজা রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যেকোনও মুহূর্তে বাইকসহ তিনি তলিয়ে যেতে পারতেন গভীর খাদে।
ঠিক সেই মোড় ঘুরেই আসছিল একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি। ভিতরে ছিল এক পর্যটক পরিবার। যুবকটিকে সেই বিপদসঙ্কুল অবস্থায় চরম মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকতে দেখে কালবিলম্ব না করে গাড়ি থামান তাঁরা। চিৎকার করে বাইক আরোহীকে মানসিক ভরসা দিতে থাকেন গাড়ির সদস্যরা। এরপরই দেখা যায় চরম বুদ্ধিমত্তার পরিচয়। গাড়িতে থাকা দুই নারী তাঁদের গায়ের ওড়না দুটি পরস্পরের সঙ্গে শক্ত করে বেঁধে একটি দীর্ঘ ও মজবুত দড়ি তৈরি করেন।
Best video to start the day ❤️A newly married couple in Bhatiyat, Chamba, risked their own safety to save a young biker who was stuck in a flash flood. It was literally a matter of seconds before he could have been swept away.The newlywed bride gave her dupatta, and together the… pic.twitter.com/xcfTk69HHz
— Nikhil saini (@iNikhilsaini) September 1, 2026
এর পর গাড়ির এক পুরুষ সদস্য গাড়ির দরজা ধরে শরীরের ভারসাম্য বজায় রেখে রাস্তায় নেমে আসেন এবং সেই ওড়নার দড়িটি ছুড়ে দেন বিপদগ্রস্ত বাইকারের দিকে। প্রথমবারে লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়বারের চেষ্টায় ওড়নার দড়িটি শক্ত করে আঁকড়ে ধরেন বাইকার যুবক। এরপর প্রাণপণ টানে তাঁকে টেনে তোলা হয় নিরাপদ জায়গায়। সামান্য ওড়নাকে কাজে লাগিয়ে এক চিলতে বুদ্ধিমত্তা আর অদম্য সাহসের জোরে কীভাবে একটি জীবন বেঁচে গেল, সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।