চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: বাড়তি জঙ্গি হানা ও নিরাপত্তার আশঙ্কায় বুধবার জম্মু ও কাশ্মীর জুড়ে জারি করা হলো উচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’। সেই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রাও। উপত্যকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্পর্শকাতর এলাকাগুলোতে ইতিমধ্যেই পুলিশ ও সিআরপিএফ-এর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বালতাল বেস ক্যাম্প ছাড়া কাশ্মীরের দিকে আসা-যাওয়া করা বাকি সমস্ত তীর্থযাত্রী ও যানবাহন সাময়িকভাবে আটকে রাখা হয়েছে।
এই চরম সতর্কতার নেপথ্যে রয়েছে ২০১৯ সালের ৫ আগস্টের ঐতিহাসিক পটভূমি। ৭ বছর আগে আজকের দিনেই কেন্দ্র সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছিল। এই দিনটিকে কেন্দ্র করে কাশ্মীর উপত্যকা জুড়ে একাধিক রাজনৈতিক দল নানা কর্মসূচির ডাক দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পীছলে কয়েক সপ্তাহের জঙ্গি হামলার ঘটনার পর এই রাজনৈতিক কর্মসূচিগুলি প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP) ৩৭০ ও ৩৫এ ধারা পুনর্বহাল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভের পাশাপাশি ১৫ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউটের ডাক দিয়েছে। অন্যদিকে শাসকদল ন্যাশনাল কনফারেন্স পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিভিন্ন জায়গায় জমায়েতের আয়োজন করেছে। সব মিলিয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন গোটা উপত্যকায় কড়া নজরদারি চালাচ্ছে।