চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের হেলিকপ্টার মাঝ আকাশে বিকল। শনিবার মাঝপথে প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তিনি লখনউ থেকে কৌশাম্বী উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর হঠাৎই যন্ত্রনিয়ন্ত্রণ ব্যবস্থার পর্দা নিভে যায়। সেই সময় হেলিকপ্টারটি প্রায় দুই হাজার ফুট উচ্চতায় উড়ছিল বলে জানা গেছে। যন্ত্রনিয়ন্ত্রণের পর্দা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চপারের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে।
এতে কিছু সময়ের জন্য উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক দ্রুত সিদ্ধান্ত নেন এবং নিরাপদ স্থানে জরুরি অবতরণ করান। তার তৎপরতা ও দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কপ্টাপটি নিরাপদে মাটিতে নামার পর উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি।
পরে বিকল্প ব্যবস্থায় তিনি তার গন্তব্যের দিকে রওনা দেন। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনো যান্ত্রিক সমস্যার কারণেই যন্ত্রনিয়ন্ত্রণ ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায় এবং ভেতরে ধোঁয়া দেখা দেয়। তবে তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনার পর কপ্টারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও চালকের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার ফলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।