ad
ad

Breaking News

Heatwave Alert

পারদ ৪৩ ডিগ্রি, দেশের ১০ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

মৌসম ভবন জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশে ২০ ও ২১ এপ্রিল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

heatwave-alert-india-rising-temperatures-imd-warning

প্রতীকী চিত্র

Bangla Jago Desk: দেশজুড়ে গরমের দাপট ক্রমেই বাড়ছে। মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। ইতিমধ্যেই ওই দুই রাজ্যের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং ছত্তিশগড়ের কিছু এলাকায় আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। মৌসম ভবন জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশে ২০ ও ২১ এপ্রিল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডে ২২ এপ্রিল পর্যন্ত এবং পশ্চিম উত্তরপ্রদেশে ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও আগামী কয়েক দিনে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ওড়িশাতেও তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস। ফলে ওই সব রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা জোরাল হচ্ছে। এদিকে মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেখানে পারদ পৌঁছেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা বাড়ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শহরের প্রধান সিগন্যালগুলি নির্দিষ্ট সময় বন্ধ রাখার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসনের তরফে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ট্রাফিক সিগন্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে রাজধানী দিল্লিতেও গরমের দাপট বেড়েছে। রবিবার দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। আবহবিদদের মতে, চলতি বছর মার্চ, এপ্রিল ও মে মাস জুড়ে দেশের অধিকাংশ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্য, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের পাহাড়ি এলাকাতেও অস্বাভাবিক গরমের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক ও অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে বলে জানানো হয়েছে।