চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: স্কুলে পড়াকালীন শিশুদের মাথায় উকুন হওয়া একটি অতি পরিচিত সমস্যা হলেও, সেই সংক্রমণ যে প্রাণঘাতী হতে পারে তা প্রমাণ করল ওডিশার এক মর্মান্তিক ঘটনা। ওডিশার চম্পাগড়া এলাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, ১২ বছর বয়সী লক্ষ্মীপ্রিয়া সাহু-র মৃত্যু হয়েছে উকুনের কারণে হওয়া জটিল সংক্রমণে। সাধারণ একটি সমস্যাকে অবহেলা করলে তা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই এক সজাগ বার্তা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপ্রিয়া দীর্ঘ কয়েক মাস ধরে উকুনের সমস্যায় ভুগছিল। ঘরোয়া প্রতিকার বা বাজারচলতি শ্যাম্পু ব্যবহার করেও কোনো সুফল মেলেনি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কিশোরীর মাথা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল এবং লোকলজ্জার ভয়ে সে সবসময় মাথায় স্কার্ফ বেঁধে রাখত। এক পর্যায়ে সে রক্তবমি করতে শুরু করলে তাকে দ্রুত পুরীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তার মৃত্যু হয়।
পুরী জেলা হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মাথার ত্বকে উকুনের কামড় ও ক্ষত থেকে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই সেপটিসেমিয়া হয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, উকুন অনবরত মাথার ত্বক থেকে রক্ত শোষণ করে, যার ফলে তীব্র চুলকানি হয়। নখের আঁচড়ে তৈরি হওয়া সেই ক্ষতগুলো খালি চোখে সব সময় বোঝা যায় না, কিন্তু সেখান থেকেই জীবাণু রক্তে মিশে গিয়ে সেপটিসেমিয়ার মতো প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।