চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: দিল্লির ঐতিহ্যবাহী হংসরাজ কলেজে পাঠদান বন্ধ রেখে খোদ অধ্যক্ষের ছেলের বিয়ের আসর বসানোর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গত সোমবার কলেজ প্রাঙ্গণে ধুমধাম করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। কলেজের ভেতরে শামিয়ানা খাটানো এবং আলোকসজ্জার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখান এসএফআই-সহ সাধারণ পড়ুয়াদের একাংশ।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে পরিকাঠামোর অভাবে কলেজের হস্টেলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, সেখানে বিয়ের অতিথিদের থাকার জন্য রাতারাতি সেই হস্টেল খুলে দেওয়া হয়। পড়াশোনার পরিবেশ নষ্ট করে এক সপ্তাহ ধরে এই বিয়ের প্রস্তুতি চলেছে বলে তাদের দাবি। পড়ুয়ারা আরও অভিযোগ করেছেন যে, বিয়ের মঞ্চ তৈরির কারণে গত কয়েকদিন তাঁদের ক্যাম্পাসের বিভিন্ন অংশে প্রবেশাধিকার ছিল না এবং সাধারণ ছাত্রছাত্রীদের জন্য মাঠ ব্যবহারের সময়সীমা নির্দিষ্ট থাকলেও বিয়ের অনুষ্ঠান চলেছে গভীর রাত পর্যন্ত। ছাত্র সংসদের সম্পাদক আসিকুল ইসলামের প্রশ্ন, অধ্যক্ষ কি শিক্ষা প্রতিষ্ঠানকে নিছক কোনো ‘ব্যাঙ্কোয়েট হল’ মনে করেছেন?
বিতর্ক চরমে উঠলেও অভিযুক্ত অধ্যক্ষ রমা শর্মা এখনও পর্যন্ত এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি। তবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্ত এই ঘটনার সমর্থনে মুখ খুলেছেন। তাঁর মতে, এটি অহেতুক বিতর্ক। তাঁর দাবি, অধ্যক্ষ যেহেতু কলেজ চত্বরে বরাদ্দকৃত সরকারি আবাসনেই থাকেন, তাই সেখানে ব্যক্তিগত অনুষ্ঠান করার অধিকার তাঁর রয়েছে। এই ধরণের অনুষ্ঠান আগেও কলেজে হয়েছে বলেও তিনি দাবি করেন।