ad
ad

Breaking News

RN Ravi

দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক! রাষ্ট্রপতির দরবারে বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি

বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর রাষ্ট্রপতির সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক

RN Ravi Meets President Droupadi Murmu

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর রাষ্ট্রপতির সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। যদিও প্রশাসনিক মহলে একে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখা হচ্ছে, তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক পর মুহূর্তেই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জোরালো জল্পনা তৈরি হয়েছে।

ভোটের মুখে বাংলায় হঠাৎই রাজ্যপাল পদে রদবদল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস আকস্মিকভাবে ইস্তফা দেওয়ার পর প্রাক্তন আইপিএস অফিসার আরএন রবিকে বাংলার রাজভবনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। আনন্দ বোসের পদত্যাগ বা রবির নিয়োগ— কোনোটি নিয়েই স্পষ্ট কারণ জানানো হয়নি। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনের প্রাক্কালে এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত ১২ মার্চ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে শপথ গ্রহণ করেন আরএন রবি। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার উপস্থিত থাকলেও নেপথ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা থামেনি। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলের হিড়িক পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের মতো শীর্ষ কর্তাদের পদ থেকে অপসারিত করা হয়েছে। প্রশাসনের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই রাজ্যপালের দিল্লি সফর এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাচন চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে আগামীতে কেমন সম্পর্ক থাকে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিশেষ করে কমিশনের কঠোর পদক্ষেপের আবহে নতুন রাজ্যপালের ভূমিকা কী হতে চলেছে, রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক কি তারই কোনো আগাম ইঙ্গিত— তা নিয়ে জল্পনা অব্যাহত।