ad
ad

Breaking News

Goa Nightclub Fire Update

Goa Nightclub Fire Update: গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লি থেকে আটক মূল অভিযুক্ত অজয় গুপ্ত

এদিকে, ক্লাবের কর্ণধার অজয় গুপ্ত এবং সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল গোয়া পুলিশ।

Goa Nightclub Fire Update Key Arrests and Illegal Construction

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তর গোয়ার আরপোরায় বাগা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত এক জনপ্রিয় নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে এবার বড়সড় অগ্রগতি। ঘটনায় ২৫ জনের মর্মান্তিক মৃত্যুর পর এই ক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্তকে সম্প্রতি দিল্লি থেকে আটক করেছে গোয়া পুলিশ। জানা যাচ্ছে, দ্রুত তাঁকে গোয়ায় এনে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে। এই অগ্নিকাণ্ডের পর থেকেই নাইটক্লাবের দুই মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা পলাতক। তারা ঘটনার পরদিনই দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যান বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করা হয়েছে। এদিকে, ক্লাবের কর্ণধার অজয় গুপ্ত এবং সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল গোয়া পুলিশ। এই ঘটনায় অনিয়ম এবং গাফিলতির অভিযোগে নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলি-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে (Goa Nightclub Fire Update)।

শনিবার রাতে পার্টি চলার সময় এই নৈশক্লাবে আগুন লাগে। এতে ২০ জন কর্মী এবং ৫ জন পর্যটক-সহ মোট ২৫ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বেআইনি নির্মাণ, সংকীর্ণ ও অপর্যাপ্ত প্রবেশপথ-সহ একাধিক নিরাপত্তা লঙ্ঘনের ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন (Goa Nightclub Fire Update)।

গোয়া সরকার ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রী সওয়ান্ত মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন। গাফিলতির অভিযোগে অভিযুক্ত লুথরা গ্রুপের ওপর কড়া পদক্ষেপ নিয়ে গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের মালিকানাধীন আরও একটি নৈশক্লাব ‘রোমিও ল্যানে’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ক্লাবটি সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল। লুথরা গ্রুপের এই ‘রোমিও ল্যানে’ চেইনটি গোয়া ছাড়াও দিল্লি ও হরিয়ানায় বিস্তৃত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় কীভাবে সরকারি জমিতে এমন বেআইনি নির্মাণ চলল, তবে কি এই তদন্তে ‘ঠক বাছতে গাঁ উজাড়’ হওয়ার দশা হতে চলেছে (Goa Nightclub Fire Update)?