ad
ad

Breaking News

Gaziabad

সম্পত্তির লোভে চরম নৃশংসতা! অবসরপ্রাপ্ত বায়ুসেনা অফিসার বাবাকে খুনে সুপারি দিল দুই ছেলেই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ডিসেম্বর গাজিয়াবাদের লোনি এলাকা থেকে যোগেশ কুমারের দেহ উদ্ধার হয়।

gaziabad-property-dispute-father-murder-sons

প্রতীকী চিত্র

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সম্পত্তির লোভে বাবাকে খুনের ছক দুই ছেলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় বায়ু সেনার অবসরপ্রাপ্ত অফিসার যোগেশ কুমার (৫৮)-কে খুন করতে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত ভাড়াটে খুনি অরবিন্দকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ডিসেম্বর গাজিয়াবাদের লোনি এলাকা থেকে যোগেশ কুমারের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, ঘটনার দিন তিনি লোনির অশোক বিহার কলোনির নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় মোটরসাইকেলে আসা দু’জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। লোনির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সিদ্ধার্থ গৌতম জানান, যোগেশ কুমারের সঙ্গে তাঁর দুই ছেলের দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল। তিনি ছেলেদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন।

বাড়ির দখল পেতেই ছেলেরা বাবাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বলে অভিযোগ। পুলিশের দাবি, বাবাকে খুন করতে অরবিন্দ নামে এক ব্যক্তিকে সুপারি দেওয়া হয়েছিল। খুনের ঘটনায় কৌশাম্বী জেলায় কর্মরত এক পুলিশ কনস্টেবল নবীনের জড়িত থাকার অভিযোগও উঠেছে। বুধবার সন্ধ্যায় অরবিন্দকে গ্রেফতার করা হয়েছে। জেরায় সে অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। অভিযুক্ত কনস্টেবল নবীন এবং যোগেশ কুমারের দুই ছেলে এখনও পলাতক। তাঁদের ধরতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।