ad
ad

Breaking News

Fuel Price

ভোটের পর পেট্রল-ডিজেলের বাড়বে দাম, বিতর্কের মাঝেই মুখ খুলল কেন্দ্র

মূলত কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ-এর একটি রিপোর্টকে ঘিরেই এই জল্পনা ছড়ায়।

fuel-price-govt-denies-petrol-diesel-hike

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বিধানসভা ভোটের পর দেশে পেট্রল ও ডিজেলের দাম লাফিয়ে বাড়তে পারে— এমন জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২৫-২৮ টাকা বাড়ানোর কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। মন্ত্রকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যমে পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর খবর প্রকাশিত হয়েছে। পরিষ্কার করে জানানো হচ্ছে, এই ধরনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই।

মূলত কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ-এর একটি রিপোর্টকে ঘিরেই এই জল্পনা ছড়ায়। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর, অর্থাৎ ২৯ এপ্রিলের পর দেশে পেট্রল-ডিজেলের দাম বড়সড় হারে বাড়তে পারে। কোটাকের অনুমান ছিল, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেল প্রতি ১২০ ডলার-এর কাছাকাছি থাকে, তাহলে ভারতে পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি ২৫-২৮ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

তবে কেন্দ্রীয় মন্ত্রক এই রিপোর্টকে ‘ভ্রান্ত’ ও ‘উস্কানিমূলক’ বলে কটাক্ষ করেছে। মন্ত্রকের দাবি, এই ধরনের রিপোর্ট সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। এমনকি এই খবরকে ‘মিসলিডিং’ বলেও উল্লেখ করা হয়েছে। মন্ত্রক আরও দাবি করেছে, ভারতই একমাত্র দেশ যেখানে গত চার বছরে পেট্রল ও ডিজেলের দাম বাড়েনি। সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্বাভাবিক ওঠানামার প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে নিরন্তর পদক্ষেপ করেছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের ইরান হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইরান যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার থেকে বেড়ে ১১৯ ডলার পর্যন্ত পৌঁছে যায়। পরে কিছুটা সংশোধন হলেও নতুন করে উত্তেজনা বাড়ায় ব্রেন্ট ক্রুডের দাম এখন ১০৩ থেকে ১০৬ ডলার ব্যারেলের মধ্যে ঘোরাফেরা করছে। তবে এতটা মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারতে এখনও পর্যন্ত পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৯৪.৭৭ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬৭ টাকা।