প্রতীকী চিত্র
Bangla Jago Desk, Barsa Sahoo : একাধিক বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় উদ্বেগে রয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটি (বিসিএএস) বিভিন্ন উড়ান সংস্থার সঙ্গে বৈঠক করেছে। এরই মধ্যে রবিবার দিল্লি থেকে রওনা হওয়া একটি বিমানকে আফগানিস্তান প্রশাসন আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি।
[ আরও পড়ুন : ফের চাঁদার জুলুম! গাড়ির হেডলাইট ভাঙায় অবরোধ গাড়িচালকদের ]
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, জার্মানির ফ্র্যাঙ্কফুর্টগামী ওই বিমানটি নিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল, তবে এই বোমাতঙ্ক সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না; ‘নন স্পেসিফিক‘ উল্লেখ করা হয়েছিল। এই কারণে বিমানটিকে ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে উড়ানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বোয়িং বিমানে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সাধারণত ফ্র্যাঙ্কফুর্টগামী বিমানগুলি পাকিস্তান ও আফগানিস্তানের আকাশের উপর দিয়ে যাত্রা করে। বিমানটি দিল্লি থেকে রওনা দেওয়ার পর কিছু সময় পাকিস্তানের আকাশের উপর ঘুরপাক খায় এবং আফগানিস্তানের আকাশসীমাতেও প্রবেশ করে। পরে বিমানটিকে আবার দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং রবিবারই নিরাপদে সেখানে অবতরণ করে।
[ আরও পড়ুন : নিয়ম নিষ্ঠা মেনে উৎসব পালন, করওয়া চৌথে মেতে কালিয়াগঞ্জবাসী ]
উড়ান সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে যে, দিল্লি থেকে ফ্র্যাঙ্কফুর্টগামী বিমানটি আবার দিল্লিতে ফিরে আসছে। তবে কেন বিমানটি ফিরে এসেছে, সে বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। এ ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলে উদ্বেগ বাড়িয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।