ad
ad

Breaking News

FASTag Pass

এপ্রিলেই কার্যকর জাতীয় সড়কের টোল প্লাজার নতুন ফি

অ-বাণিজ্যিক গাড়ির মালিকদের ফাস্ট্যাগ বার্ষিক পাস নিতে এখন থেকে ৩০৭৫ টাকা দিতে হবে

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ফাস্ট্যাগ বার্ষিক পাসের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার। জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) জানিয়েছে, অ-বাণিজ্যিক গাড়ির মালিকদের ফাস্ট্যাগ বার্ষিক পাস নিতে এখন থেকে ৩০৭৫ টাকা দিতে হবে। আগে এই পাসের মূল্য ছিল ৩০০০ টাকা। অর্থাৎ নতুন করে ৭৫ টাকা বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।জাতীয় সড়ক ব্যবহার করার সময় গাড়িগুলিকে টোল ট্যাক্স দিতে হয়। সেই প্রক্রিয়া সহজ করতে অ-বাণিজ্যিক গাড়ির জন্য ফাস্ট্যাগ বার্ষিক পাস চালু করেছিল এনএইচএআই। গত বছর ১৫ আগস্ট থেকে এই পরিষেবা চালু হয়। এই পাসের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে বারবার টোল দেওয়ার ঝামেলা এড়ানো সম্ভব।

১২ মার্চ জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে এই পাসের জন্য ৩০৭৫ টাকা দিতে হবে। ফাস্ট্যাগ বার্ষিক পাস পেতে হলে গাড়ির সক্রিয় ফাস্ট্যাগ থাকা বাধ্যতামূলক। এই পাস এক বছরের জন্য বৈধ থাকে এবং সর্বোচ্চ ২০০ বার জাতীয় সড়ক পারাপারের সুযোগ দেয়। তবে এক বছরের সময়সীমা শেষ হওয়ার আগেই যদি ২০০ বার যাতায়াত সম্পন্ন হয়ে যায়, তাহলে পাসটি পুনর্নবীকরণ করতে হবে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকেই এই পাস কেনা যায়। নিয়ম অনুযায়ী প্রতি বছর এই পাসের দাম পরিবর্তিত হতে পারে।কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫০ লক্ষেরও বেশি গ্রাহক ফাস্ট্যাগ বার্ষিক পাস ব্যবহার করছেন। জাতীয় সড়ক ব্যবহারকারী প্রায় ২৮ শতাংশ গাড়ির মালিক এই পাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, টোল আদায়ের প্রক্রিয়াকে ডিজিটাল ও দ্রুততর করতে ২০১৬ সালে ফাস্ট্যাগ ব্যবস্থা চালু করা হয়। এখনও পর্যন্ত দেশে প্রায় ১১.৮৬ কোটি ফাস্ট্যাগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫.৯ কোটি বর্তমানে সক্রিয়। তবে ফাস্ট্যাগ বার্ষিক পাস সব টোল প্লাজায় বৈধ নয়। জাতীয় সড়ক ও জাতীয় এক্সপ্রেসওয়েগুলির প্রায় ১১৫০টি টোল প্লাজায় এই পাস কার্যকর। অন্য সড়কে ফাস্ট্যাগের সাধারণ নিয়ম অনুযায়ী টোল কাটা হয়।