চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ওমান যাওয়ার চেষ্টাকারী এক নেপালি বংশোদ্ভূত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও, সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম কাজল লামা, যিনি নেপালের পারসা জেলার বাসিন্দা। জানা গেছে, বেশ কয়েক বছর আগে তিনি তাঁর পরিবারের সঙ্গে নেপাল থেকে ভারতের হিমাচল প্রদেশে এসে বসবাস শুরু করেন। এই সূত্র ধরেই তিনি হিমাচল প্রদেশের ঠিকানায় আধার কার্ড, প্যান কার্ড এবং একটি বোনা ফায়েড সার্টিফিকেট তৈরি করান। এরপর এই জাল নথিগুলির ভিত্তিতেই তিনি শিমলা পাসপোর্ট অফিস থেকে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন (Fake Indian Passport)।
আরও পড়ুনঃ উরিতে ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাক হামলা বানচাল, বীরত্বের জন্য পুরস্কৃত ১৯ CISF জওয়ান
কাজল লামা গত সপ্তাহে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসকাটগামী একটি ফ্লাইট ধরার জন্য ইমিগ্রেশন কাউন্টারে আসেন। তাঁর পাসপোর্ট স্ক্যান করার সময়েই তা জাল বলে ধরা পড়ে। বিমানবন্দরের কর্মীদের সন্দেহ হয় এবং ইমিগ্রেশন অফিসার জানিয়েছেন, কাজলের চেহারায় নেপালি ছাপ দেখে তাঁদের সন্দেহ আরও জোরালো হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কাজল সব কিছু স্বীকার করে নেন। সাহার থানার আধিকারিক আরও জানিয়েছেন, পাসপোর্টে কাজল উল্লেখ করেছিলেন তিনি হিমাচল প্রদেশের নোহরার বাসিন্দা। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এই জালিয়াতির পিছনে আর কারোর হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে (Fake Indian Passport)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/