Bangla Jago Desk: ভারতে ফের সক্রিয় হয়ে উঠছে পাকিস্তান মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন—এমনই তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। সূত্রের এই খবর সামনে আসতেই সতর্ক অবস্থানে কেন্দ্র ও নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে ধৃত এক চিকিৎসকের সূত্র ধরেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অনন্তনাগ মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তার ড. আদিল আহমদ রাথারকে জিজ্ঞাসাবাদ করে জম্মু ও কাশ্মীর পুলিশ জানতে পারে, দিল্লির একেবারে কাছেই মজুত রয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র। এরপর যৌথ অভিযানে পুলিশ হরিয়ানার ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করে প্রায় ৩৫০ কেজি আরডিএক্স, একটি একে-৪৭ রাইফেল এবং বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদ। তদন্তকারীদের ধারণা, এই বিপজ্জনক অস্ত্রভান্ডার রাজধানী অঞ্চলে বড়সড় নাশকতার পরিকল্পনার অংশ ছিল। পুলিশ জানিয়েছে, কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক রাজধানীর এত কাছে এনে মজুত করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চলছে। নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলি এখন সমাজের শিক্ষিত অংশ, এমনকি চিকিৎসকদেরও নিজেদের নেটওয়ার্কে টানার চেষ্টা করছে।



