চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার বিধ্বংসী সংঘাতের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল শিক্ষাক্ষেত্রে। যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সিবিএসই (CBSE) এবং কেরল সরকারি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। আকাশসীমা বন্ধ থাকা এবং লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার কারণে কয়েক হাজার ভারতীয় পড়ুয়াসহ বিভিন্ন দেশের মানুষ এখন সেখানে কার্যত বন্দি দশা কাটাচ্ছেন।
মঙ্গলবার সিবিএসই বোর্ডের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের নির্ধারিত পরীক্ষাগুলো আপাতত স্থগিত রাখা হচ্ছে। ইরান ছাড়াও বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর সমস্ত পরীক্ষাকেন্দ্রে এই নির্দেশিকা কার্যকর হবে। আগামী শনিবার পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনা করে পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড কর্তৃপক্ষ। একই পথে হেঁটে কেরল সরকারি বোর্ডও শনিবার পর্যন্ত তাদের সমস্ত পরীক্ষা বাতিল করেছে। জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যের সাতটি কেন্দ্রে কেরল বোর্ডের প্রায় ৬৩৩ জন পড়ুয়া দশম শ্রেণির পরীক্ষায় অংশ নিচ্ছিল। রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর খবর আসতেই সংঘাত চরম আকার ধারণ করেছে। এর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে। সৌদি আরব থেকে শুরু করে কাতার, জর্ডন ও সিরিয়ার আকাশ এখন যুদ্ধের আগুনে তপ্ত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের এই আগ্রাসনে ক্ষুব্ধ হয়ে আরব দেশগুলো এখন তেহরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে হাত মেলাতে আগ্রহী। যুদ্ধের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রকও।