ad
ad

Breaking News

Rajya Sabha election

রাজ্যসভার ২৬ আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

দেশজুড়ে ফের ভোটের ডঙ্কা! ৮ রাজ্যের ২৬টি রাজ্যসভা আসনে ১৮ জুন মেগা নির্বাচন। খাড়গে থেকে দিগ্বিজয়, খতম হচ্ছে একাধিক কংগ্রেস হেভিওয়েটের মেয়াদ।

Rajya Sabha election 2026 26 seats election commission

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যসভায় ২৬টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। আগামী ১৮ জুন ২৬টি আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে ২৪টি আসনে বর্তমান সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে, সেগুলির পাশাপাশি মেয়াদের আগেই দুই সাংসদের আচমকা ইস্তফা দেওয়ার কারণে মোট ২৬টি আসনে এই ভোট হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরামের মতো রাজ্যগুলিতে এই হাই-ভোল্টেজ ভোটগ্রহণ হবে। এর বাইরে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে আসনেও উপনির্বাচন হতে চলেছে। আসন বিন্যাস অনুযায়ী, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও কর্নাটকের মতো বড় রাজ্যগুলিতে ৪টি করে আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।

এই ২৬টি আসনের মধ্যে বর্তমানে বিজেপির কবজায় রয়েছে ১২টি এবং কংগ্রেসের ঝুলিতে রয়েছে মাত্র ৪টি আসন। তবে এ দফায় যাদের মেয়াদ শেষ হচ্ছে, সেই তালিকায় রয়েছেন দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং মধ্যপ্রদেশের হেভিওয়েট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংদের মতো প্রবীণদের মেয়াদ ফুরোচ্ছে এই দফাতেই। বর্তমান বিধানসভাগুলির গাণিতিক সমীকরণ অনুযায়ী, বিজেপি নিজেদের ১২টি আসন অনায়াসে ধরে রেখেও আরও দু-একটি আসন বাড়িয়ে নিতে পারে।

১১২ থেকে ১১৫-র পথে পদ্মশিবির, কাঁপছে বিরোধী শিবির

বর্তমানে রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে মোদি বাহিনীর একক আসন সংখ্যা ১১২ এবং এনডিএ-র সম্মিলিত শক্তি ১৪৪, যা সাধারণ বিল পাসের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ১৮ জুনের এই ভোটের ফলাফল প্রকাশের পর এনডিএ-র আসন সংখ্যা এক ধাক্কায় ১৫০ পার করে যাবে, যেখানে বিজেপি একাই ১১৫-র কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়বে।

অন্যদিকে, উচ্চকক্ষে কংগ্রেস-সহ ইন্ডিয়া (INDIA) জোটের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই মুহূর্তে বিরোধীদের মোট সাংসদ সংখ্যা মাত্র ৭৯, যার মধ্যে কংগ্রেসের ২৭, তৃণমূলের ১২ এবং ডিএমকের হাতে রয়েছে ৮টি আসন। এই পরিস্থিতিতে রাজ্যসভায় বিজেপির এই একচ্ছত্র আধিপত্য আগামী দিনে যেকোনও বড় আইন বা বিল পাসের ক্ষেত্রে বিরোধীদের প্রতিরোধকে এক ফুঁৎকারে উড়িয়ে দেবে বলেই মনে করছে দিল্লির ওয়াকিবহাল মহল।