চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভারতের আকাশ আরও সুরক্ষিত ও দুর্ভেদ্য। এবার দেশীয় প্রযুক্তির ‘সুদর্শন চক্র’-র সফল পরীক্ষা হয়ে গেল ওড়িশায় (Air Defense)। ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম’-এর সফল পরীক্ষা সম্পন্ন করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। দুপুর সাড়ে ১২টা নাগাদ হওয়া এই পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও ও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান।
সূত্রের খবর, আইএডিডব্লিউএস একটি বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মূল শক্তি তিন ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। প্রথমত, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল। যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে দ্রুত নিশানা বানিয়ে আকাশেই ধ্বংস করতে সক্ষম। দ্বিতীয়ত অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defense)। যা অতি স্বল্প দূরত্বে থাকা শত্রুর ক্ষেপণাস্ত্রকে সেকেন্ডেরও কম সময়ে নিঃশেষ করতে পারে।
তৃতীয়ত ডিরেক্টেড এনার্জি ওয়েপন। এটি অত্যাধুনিক লেজার প্রযুক্তি যুক্ত এই অস্ত্র মুহূর্তেই যে কোনও ক্ষেপণাস্ত্রকে ভস্ম করে দিতে সক্ষম। এই তিন ব্যবস্থা নিয়েই দেশের নয়া আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা আইএডিডব্লিউএস তৈরি করা হয়েছে। অপারেশন সিঁদুর-এর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, সেই সময় পাক হামলাকে রুখে দিয়েছিল ভারতের আকাশ প্রতিরক্ষা (Air Defense) ব্যবস্থা। তাই আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তি বাড়াচ্ছে ভারত।
এই প্রসঙ্গে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনাথ সিং লিখেছেন, ‘আইএডিডব্লিউএস-এর সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় সেনাকে অভিনন্দন জানাই। বহুস্তরীয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের আকাশকে আরও মজবুত ও অজেয় করে তুলবে।’ এর ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।