ad
ad

Breaking News

Ajit Doval

“অসহায়ভাবে মন্দির লুণ্ঠন দেখেছি”, সেই অপমানের বদলা নেওয়ার ডাক দিলেন ডোভাল

অনুষ্ঠানে উপস্থিত তিন হাজার তরুণকে ডোভাল বলেন, ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।

doval-message-historical-revenge-india

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ২০২৬ সালে সোমনাথ মন্দিরে প্রথম হামলার ১০০০ বছর পূর্ণ হল। এ উপলক্ষে রবিবার আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সময়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারতের নবীন প্রজন্মকে অতীত ইতিহাসের প্রতিশোধ ও দেশের উন্নয়নের গুরুত্ব স্মরণ করিয়েছেন। ডোভাল তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার জন্য ভারতকে অনেক মূল্য দিতে হয়েছে এবং সেই অতীত লাঞ্ছনার প্রতিশোধ নেওয়াই ভারতকে সব দিক থেকে মহান করে তুলবে।

শনিবার দিল্লিতে ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডোভাল তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেন যে তারা ভাগ্যবান, কারণ তাঁদের জন্ম স্বাধীন ভারতে। তিনি জানান, নিজের জন্ম হয়েছিল ঔপনিবেশিক ভারতে এবং তাঁর পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ডোভাল বলেন, “অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে, গ্রাম ও সভ্যতা ধ্বংস করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “আমাদের মন্দিরগুলি লুঠ করা হয়েছে এবং আমরা অসহায়ভাবে তা দেখেছি।” 

অনুষ্ঠানে উপস্থিত তিন হাজার তরুণকে ডোভাল বলেন, ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের প্রতিশোধ নিতে হবে। দেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে কেবল সীমান্ত নিরাপত্তা নয়, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন—সব দিক থেকেই ভারত আবার মহান হয়ে উঠবে। তিনি ভারতীয় সভ্যতার অতীত গৌরবের কথাও মনে করিয়ে দেন এবং বলেন, “আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম এবং অন্য সভ্যতার মন্দির আক্রমণ করিনি।”

ডোভাল প্রতিশোধের প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেন। তিনি বলেন, “নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন না থাকার কারণে ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। আমরা কি সেই শিক্ষা পেয়েছি? প্রতিশোধ কখনওই ভালো নয়, তবে কখনও কখনও এটি একটি বিশাল শক্তি হতে পারে। আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।” পাশাপাশি তিনি অতীত গৌরব পুনরুদ্ধার এবং দেশের গঠন ও উন্নয়নে নতুন প্রজন্মকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।