চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: নামবদলের রাজনীতিতে ফের নতুন অধ্যায়। এবার দেশের রাজধানী দিল্লির নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, দিল্লির নাম বদলে রাখা হোক ‘ইন্দ্রপ্রস্থ’। তাঁর দাবি, এই নাম ভারতের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গে গভীরভাবে যুক্ত।চিঠিতে খাণ্ডেলওয়াল লিখেছেন, দিল্লির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি শুধু একটি আধুনিক নগর নয়, বরং ভারতীয় সভ্যতার আত্মা। পাণ্ডবদের প্রতিষ্ঠিত ‘ইন্দ্রপ্রস্থ’ শহরের ঐতিহ্যই আজকের দিল্লির ভিত্তি। তাঁর মতে, রাজধানীর নাম পরিবর্তন হলে তা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে এবং নতুন প্রজন্মের কাছে ভারতের গৌরবময় ইতিহাস তুলে ধরবে। সাংসদের প্রস্তাব অনুযায়ী, শুধু দিল্লির নামই নয়—পুরনো দিল্লি রেল স্টেশনের নাম রাখা হোক ‘ইন্দ্রপ্রস্থ জংশন’ এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ‘ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর’। পাশাপাশি, রাজধানীতে পঞ্চপাণ্ডবের মূর্তি স্থাপন করারও দাবি জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, পাণ্ডবদের ন্যায়পরায়ণতা, নীতি ও সাহস দেশের নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
খাণ্ডেলওয়াল আরও লিখেছেন, যেভাবে অযোধ্যা, কাশী, প্রয়াগরাজ এবং উজ্জ্বয়িনীর প্রাচীন নাম ও ঐতিহ্য সংরক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনভাবেই দিল্লিকেও তার ঐতিহাসিক পরিচয়ে ফিরিয়ে আনা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংস্কৃতিক নবজাগরণের দৃষ্টিভঙ্গির সঙ্গে এই পদক্ষেপ সঙ্গতিপূর্ণ।
উল্লেখ্য, গত মাসেই বিশ্ব হিন্দু পরিষদও দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে চিঠি দিয়েছিল। এবার সেই দাবিকেই আরও জোরালো করলেন বিজেপি সাংসদ খাণ্ডেলওয়াল।এর আগেও মোদি সরকারের আমলে একাধিক জায়গা ও স্থাপনার নাম বদল হয়েছে। যেমন মোঘল গার্ডেনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অমৃত উদ্যান’, হোশাঙ্গাবাদ হয়েছে ‘নর্মদাপুরম’, আর এলাহাবাদ বদলে হয়েছে ‘প্রয়াগরাজ’। বিরোধীদের অভিযোগ, এই নামবদল আসলে ইসলামিক ঐতিহ্য মুছে দেওয়ার রাজনৈতিক প্রয়াস।তবে এবার দিল্লির নাম বদলের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক—রাজধানীর ঐতিহাসিক পরিচয় কি বদলে যাবে, নাকি নতুন নামে ফিরবে ‘প্রাচীন ইন্দ্রপ্রস্থ’-এর প্রতিচ্ছবি?