চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে গিয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে ফের চাঞ্চল্যকর কাণ্ড ঘটালেন সেই ব্যক্তি। দিল্লির বসন্ত বিহার এলাকায় এক তরুণীকে গুলি করে খুনের চেষ্টা করল ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবক (Attempted Murder)। যদিও বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছেন নির্যাতিতা। ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম আবিজুর সফি। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সফি। তবে সম্প্রতি অন্তর্বর্তী জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।
[আরও পড়ুন: দেশের ইতিহাসে দ্বিতীয়বার, মেট্রো রেলের মাধ্যমে হাসপাতালে পৌঁছল মানব অঙ্গ]
জেল থেকে বেরিয়েই নির্যাতিতার উপর নজরদারি শুরু করে সফি। তার গতিবিধি, কোথায় যাচ্ছেন, কবে কাজে বেরোচ্ছেন সব কিছু খুঁটিয়ে নজরে রাখছিল অভিযুক্ত। নির্যাতিতা কর্মস্থলে যাচ্ছিলেন। অটোয় চেপে যাওয়ার সময় হঠাৎ একটি বাইকে করে দু’জন যুবক তাঁর অটোর পাশে এসে দাঁড়ায়। তারপর কাছ থেকে গুলি ছোঁড়ে এবং দ্রুত পালিয়ে যায়। অটোচালক রঞ্জিত জানান, বাইক আরোহীরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। গুলি চালিয়ে সোজা চম্পট দেয় তারা (Attempted Murder)। গুলিবিদ্ধ তরুণীকে সঙ্গে সঙ্গে এইমসে ভর্তি করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দু’জনকে শনাক্ত করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আবিজুর সফি এবং তাঁর সঙ্গী আমন শুক্ল উভয়কেই গ্রেফতার করা হয়েছে।
[আরও পড়ুন: Travel Benefits: বেড়ানো শরীর ও মনকে খুশি করে, বাড়ায় শিল্পচেতনা]
তদন্তকারীরা জানান, ধর্ষণের অভিযোগ দায়েরের প্রতিশোধ নিতেই খুনের চেষ্টা করেন সফি। পুলিশ খতিয়ে দেখছে, আর কেউ এই ঘটনায় জড়িত ছিল কি না। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, জামিনে ছাড়া পাওয়া অপরাধীদের উপর পর্যাপ্ত নজরদারি না থাকলে সমাজে কী ভয়ঙ্কর বিপদ হতে পারে। প্রশাসনের তরফে নির্যাতিতার নিরাপত্তা ও তদন্তে কোনও ফাঁক না রাখতে আশ্বাস দেওয়া হয়েছে।