ad
ad

Breaking News

Air Pollution

দিল্লিকেও হার মানাল গাজিয়াবাদ! সিআরইএ-র রিপোর্টে দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকা প্রকাশ্যে

গাজিয়াবাদ ও দিল্লির পাশাপাশি দূষণের তালিকায় রয়েছে নয়ডা, গুরগাঁও এবং গ্রেটার নয়ডা।

delhi-ncr-air-pollution

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নতুন বছরের প্রথম মাসে আবারও শ্বাসকষ্টে ভোগাতে হচ্ছে রাজধানী দিল্লি ও এর আশেপাশের শহরগুলোকে। জানুয়ারি মাসে দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি-এনসিএর শহরগুলি শীর্ষ পাঁচে জায়গা করেছে। এই তালিকায় এক নম্বরে রয়েছে গাজিয়াবাদ, আর দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। পরিবেশ গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-র পরিসংখ্যানেই এই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে।

CREA-র তথ্য অনুযায়ী, জানুয়ারিতে গাজিয়াবাদে বায়ুতে PM2.5 কণিকার গড় মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৮৪ মাইক্রোগ্রাম। দিল্লিতে সেই গড় ছিল ১৬৯ মাইক্রোগ্রাম। অথচ দেশের নিরাপদ সীমা মাত্র ৬০ মাইক্রোগ্রাম। অর্থাৎ রাজধানী ও সংলগ্ন শহরগুলোর বাতাস ছিল স্বাভাবিকের তিন গুণেরও বেশি দূষিত।

গাজিয়াবাদ ও দিল্লির পাশাপাশি দূষণের তালিকায় রয়েছে নয়ডা, গুরগাঁও এবং গ্রেটার নয়ডা। জানুয়ারির অধিকাংশ দিনই এই শহরগুলোতে বায়ুর মান ছিল ‘খুব খারাপ’ থেকে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে। সকালে ঘন কুয়াশা, চোখে জ্বালা, গলা শুষ্ক হয়ে যাওয়া এবং শ্বাস নিতে কষ্ট—এসব যেন এখন নিত্যদিনের সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন ঠান্ডা আবহাওয়া, বাড়তে থাকা যানবাহন, চলমান নির্মাণকাজের ধুলো এবং শিল্প দূষণ—সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এটি কোনো সাময়িক সমস্যা নয়, দূষণ এখন দিল্লি-এনসিএরের দীর্ঘদিনের রোগ।

চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, শিশু, বয়স্ক এবং হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। অকারণে বাইরে না যাওয়ার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে দিল্লি-এনসিএরে শ্বাস নেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।