ad
ad

Breaking News

delhi

২৯ নভেম্বর থেকে দিল্লিতে হট এয়ার বেলুন রাইড চালু হবে সরকারি ভাবে

দিল্লিকে আরও প্রাণবন্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত তাঁর।

delhi-hot-air-balloon-ride

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: দিল্লিতে প্রথমবার চালু হতে চলেছে হট এয়ার বেলুন রাইড। আকাশে ভেসে দেখা যাবে যমুনা নদী, পার্ক ও আশপাশের মনোরম দৃশ্য। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)-র বানসেরা পার্কে সফল পরীক্ষামূলক উড়ানের পর ২৯ নভেম্বর থেকে সরকারি ভাবে শুরু হচ্ছে এই পরিষেবা।লেফটেন্যান্ট গভর্নর ভি. কে. সাক্সেনা সোশ্যাল মিডিয়ায় উদ্যোগটির ঘোষণা করেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে একটি সার্টিফায়েড পেশাদার দল রাইড পরিচালনার দায়িত্বে রয়েছে।

দিল্লিকে আরও প্রাণবন্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত তাঁর। শুরুতে রাইড মিলবে বানসেরা পার্কে। পরে পরিষেবা চালু হবে আরও তিনটি ডিডিএ স্থানে— অসিতা রিভারফ্রন্ট, যমুনা স্পোর্টস কমপ্লেক্স এবং কমনওয়েলথ গেমস ভিলেজ স্পোর্টস কমপ্লেক্সে। এই উদ্যোগের লক্ষ্য যমুনা নদীর তীর ও শহরের পাবলিক স্পেসগুলিকে নতুনভাবে সাজানো এবং সেখানে বিনোদনমূলক ও অ্যাডভেঞ্চার কার্যক্রম বৃদ্ধি করা।

এই রাইডের মাথাপিছু মূল্য ৩,০০০ টাকা, সময় ১৫-২০ মিনিট, প্রতিদিন সকাল ও সন্ধ্যা—দুই সময় রাইড চালু থাকবে। হট এয়ার বেলুন রাইডে প্রতি বেলুনে সর্বোচ্চ চারজন থাকতে পারবে। প্রতিটি বেলুন মাটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা থাকে, ফলে নির্দিষ্ট উচ্চতায় উঠলেও বেলুন থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থায়। এতে যাত্রীরা নিরাপদে আকাশভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন। রাইড শুরুর আগে প্রতিবারই হবে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা। লঞ্চ থেকে ল্যান্ডিং—সবক্ষেত্রেই নজরদারিতে থাকবেন প্রশিক্ষিত কর্মীরা।নতুন আকর্ষণ কেন্দ্র করে শহরবাসীর মধ্যে উৎসাহ থাকলেও শীতকালের দূষণ ও দৃশ্যমানতা নিয়ে উঠছে প্রশ্ন। প্রতি বছর এই সময় দিল্লির বায়ু মান দ্রুত খারাপ হয়। ধোঁয়াশা ও কুয়াশার কারণে রাইডের সময়সূচি বদলানো বা রাইড বাতিল করার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।সব মিলিয়ে, হট এয়ার বেলুন রাইড দিল্লিতে  পর্যটনের নতুন অধ্যায় শুরু করলেও বায়ুদূষণই হতে পারে এর সবচেয়ে বড় বাধা।