ad
ad

Breaking News

Delhi

দৃশ্যমানতা তলানিতে, দিল্লিতে উড়ান বিভ্রাট! যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন এয়ার ইন্ডিয়ার

কুয়াশার কারণে যেসব ফ্লাইট বাতিল বা দেরিতে চলবে, সেই যাত্রীরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন।

delhi-fog-flight-delay-air-india-guidelines-fog-care-initiative

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তর ভারতে তীব্র শীত এবং ঘন কুয়াশার জেরে রাজধানী দিল্লি কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার সকালে দিল্লির আকাশ কুয়াশার ঘন চাদরে ঢাকা থাকার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি তাদের ‘ফগ-কেয়ার’ উদ্যোগ চালু করেছে। কুয়াশার কারণে যেসব ফ্লাইট বাতিল বা দেরিতে চলবে, সেই যাত্রীরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি যদি ফ্লাইট বাতিল করা হয়, তবুও কোনো পেনাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে। অন্যদিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের অনুরোধ করেছে যে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি দেখে নিন।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরপরই দিল্লি শহর ও বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা এবং বাড়তি নিরাপত্তার কারণে চেক-ইন প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় রেখে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কুয়াশার পাশাপাশি দিল্লির বায়ুদূষণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীতে বায়ুর গুণমান সূচক (AQI) ৪২৮ পর্যন্ত পৌঁছায়, যা ‘অতি ভয়ানক’ স্তরের মধ্যে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইতিমধ্যেই দূষণবিরোধী বিধিনিষেধ ‘গ্র্যাপ-৪’  কার্যকর করেছে।