চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দিল্লির লালকেল্লার কাছে মেট্রোর সামনে গত সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। বিস্ফোরণ স্থলের কাছাকাছি তিনটি ৯মিমি কার্তুজ পাওয়া গেছে, যা সাধারণত সেনা বা পুলিশের কাজে ব্যবহৃত হয়। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, এগুলি তাদের কোনো কর্মীর কার্তুজ নয়। এ পরিস্থিতিতে কার্তুজগুলোর উৎসকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে পাওয়া তিনটি কার্তুজের মধ্যে দুটি অব্যবহৃত এবং একটি ব্যবহৃত। বিস্ফোরণ এলাকায় কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানাচ্ছে, তিনটি কার্তুজই বিস্ফোরণের তিনটি আলাদা স্থানে পড়েছিল, কিন্তু অস্ত্র না থাকার কারণে এর উৎস এখনও অজানা। বিষয়টি নিয়ে প্রশ্ন হচ্ছে—সেনা বা পুলিশের কার্তুজ কি জঙ্গিরা ব্যবহার করছে?
বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। মেট্রো স্টেশনসহ লালকেল্লা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর শনিবার মেট্রোর ২ ও ৩ নম্বর গেট খোলা হয়েছে, যদিও এক নম্বর গেট এখনও বন্ধ। একই দিনে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI) জানায়, রবিবার থেকে লালকেল্লার দরজা আগের মতো পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।