চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ফের বেপরোয়া গতির বলি নিরীহ পথবাসী মানুষ (Accident)। গত বছরের পুণে পোর্শেকাণ্ড-এর স্মৃতি ফিরিয়ে এ বার রাজধানী দিল্লিতে (Delhi) ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকায় মদ্যপ অবস্থায় অডি চালিয়ে এক ব্যবসায়ী ফুটপাথে ঘুমন্ত পাঁচ জনকে পিষে দেয় বলে অভিযোগ। আহতদের মধ্যে রয়েছে এক আট বছরের শিশু। আহত সকলের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে হাসপাতালে।
[আরও পড়ুন: Siliguri: সবুজ সাথীর ১৮টি সাইকেল বিহারে পাচারের রুখে দিল পুলিশ, গ্রেফতার ১ ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চালকের নাম উৎসব শেখর। বুধবার রাতের ঘটনা। তবে এই ঘটনাটি সমানে এসেছে রবিবার। নয়ডা থেকে নিজের অডি গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। মাঝরাতে বসন্ত বিহার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি উঠে যায় ফুটপাথে, যেখানে ঘুমোচ্ছিলেন রাজস্থান থেকে আসা দিনমজুর পরিবারের সদস্যরা। আচমকাই ওই গাড়ি সজোরে তাঁদের গায়ে উঠে যায়।
গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পাঁচ জন। আহতরা হলেন লাধি (৪০), বিমলা (৮) সবামি (৪৫), রাম চন্দর (৪৫), নারায়ণী (৩৫)। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে আসেন ঘটনাস্থলে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ধৃত উৎসবকে ঘটনাস্থলের কাছেই আটক করা হয়। তদন্তে জানা যায়, দুর্ঘটনার পর কিছুটা দূরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়িটি, সেখানেই উল্টে যায় অডি। নম্বর প্লেট মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, সেটিই দুর্ঘটনার গাড়ি।
[আরও পড়ুন: Voting Rights: ভোটাধিকার, নাগরিকত্ব ছিনিয়ে ওরা বাঙালিকে কাদের দাসে পরিণত করতে চায়?]
দিল্লি (Delhi) পুলিশের ডিএসপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গয়াল জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বলা বাহুল্য, গত বছর মে মাসে পুণেতে একটি পোর্শে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই তরুণ ইঞ্জিনিয়ারের। সেই ঘটনায় এক কিশোর অভিযুক্ত ছিল, যে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে। তার পর থেকেই একাধিক শহরে বেপরোয়া গতির বলি হচ্ছেন বহু মানুষ। এ বার দিল্লিতে সেই তালিকায় যুক্ত হল আরও একটি হৃদয়বিদারক ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বার বার এমন ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার জেরে রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা চূড়ান্ত ভাবে বিঘ্নিত হচ্ছে।