ad
ad

Breaking News

delhi

দীপাবলির পর ধোঁয়ার চাদরে মুড়ে গেল দিল্লি, রেড জোনে দিল্লির ৩৬ মনিটরিং স্টেশন

দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪টি মনিটরিং স্টেশন 'সিভিয়ার' বা অতি খারাপ অবস্থায় রয়েছে।

delhi-diwali-smog-aqi-severe-zone

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আশঙ্কা সত্যি করে, সুপ্রিম কোর্টের সময় বেঁধে দেওয়ার নির্দেশ সত্ত্বেও দীপাবলির পর দিল্লির দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণ করা গেল না। দীপাবলির পরের দিন সকালে, অর্থাৎ মঙ্গলবার, প্রবল ধোঁয়াশায় ঘুম ভাঙল রাজধানীর বাসিন্দাদের। শহরের মোট ৩৮টি দূষণ মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টিই পৌঁছে গেছে ‘রেড জোন’-এ, যা পরিস্থিতিকে মারাত্মকভাবে উদ্বেগজনক করে তুলেছে।

দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪টি মনিটরিং স্টেশন ‘সিভিয়ার’ বা অতি খারাপ অবস্থায় রয়েছে। সোমবার রাতের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র তিনটি স্টেশনের AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩০০-র নিচে ছিল— DTU (২৪২), ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (২৯৪) এবং শ্রী অরবিন্দ মার্গে (২০৯)। রাজধানীর শহরতলি নয়ডা এবং গাজিয়াবাদের গড় AQI ছিল যথাক্রমে ৩২৪ এবং ৩২৬। 

যদিও এ বছর দূষণের মাত্রা সামান্য কম থাকার ক্ষীণ আশা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য অনুসারে, এ বছরে দিল্লির পরিবেশ গত বছরের তুলনায় কিছুটা ভালো; গত বছর গড় AQI ছিল ৩৮৬। উল্লেখ্য, দীপাবলির আগের দিন এবং উৎসবের দিন সন্ধ্যায় ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর জন্য সুপ্রিম কোর্ট সময় নির্দিষ্ট করে দিয়েছিল। এছাড়াও, শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানোর নির্দেশও জারি করা হয়েছিল। তবে শীর্ষ আদালতের এত কড়া বিধিনিষেধ সত্ত্বেও দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না।