গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত কারণে দিল্লির আকাশপথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে মঙ্গলবার একটি NOTAM (Notice to Airmen) জারি করে জানানো হয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা ছ’দিন নির্দিষ্ট সময়ের জন্য দিল্লির এয়ারস্পেস সম্পূর্ণ বন্ধ থাকবে।
নির্দেশিকা অনুযায়ী, ওই ছ’দিন প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত— মোট ২ ঘণ্টা ২৫ মিনিট— দিল্লির আকাশপথে কোনও ফ্লাইট ওঠানামা করবে না। অর্থাৎ এই সময়সীমায় দিল্লি বিমানবন্দর থেকে কোনও উড়ান ছাড়বে না, আবার বাইরের কোনও বিমানও সেখানে অবতরণ করতে পারবে না।
এই সাময়িক নিষেধাজ্ঞার জেরে বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বহু উড়ান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলতে পারে, আবার কিছু ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এয়ারলাইন্স সংস্থাগুলিকে আগাম পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা Cirium-এর মতে, এই NOTAM-এর ফলে প্রায় ৬০০টি ফ্লাইট প্রভাবিত হতে পারে। কারণ, নির্ধারিত এই সময়টি দিল্লি বিমানবন্দরের সবচেয়ে ব্যস্ত সময়গুলির মধ্যে অন্যতম। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিশ্বের বহু দেশ থেকে প্রতিদিন অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট দিল্লিতে যাতায়াত করে, যেগুলির সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে।
প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও তার মহড়ার প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তব্যপথে আয়োজিত ওই কুচকাওয়াজে থাকে রঙিন ট্যাবলো, সশস্ত্র বাহিনীর প্যারেড, আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শন এবং বিমান বাহিনীর অংশগ্রহণ— যা দেখতে মুখিয়ে থাকে গোটা দেশ। সেই কারণেই আকাশপথে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে আগেভাগে এই NOTAM জারি করা হয়েছে, যাতে যাত্রী ও বিমান সংস্থাগুলি আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারে।