ad
ad

Breaking News

Delhi Airport

৩৬ ঘণ্টা পর স্বাভাবিক ছন্দে দিল্লি বিমানবন্দর, মিটল প্রযুক্তিগত ত্রুটি

এই প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে শুধু দিল্লি নয়, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ  বিমানবন্দরেও।

delhi-airport-back-to-normal-after-36-hours-technical-glitch-fixed

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ৩৬ ঘণ্টার অচলাবস্থার পর দিল্লি বিমানবন্দরে ফের স্বাভাবিক ছন্দ।  শনিবার সকাল ১১টা ৫৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদিও সকালে বেশ কিছু বিমানের ওঠানামায় দেরি হওয়ার খবর সামনে এসেছে। শনিবার মোট ১২৯টি বিমানের ওঠানামায় দেরি হয়। এর মধ্যে ৫৩টি বিমানের অবতরণ এবং ৭৬টি বিমানের উড়ানে দেরি হয়েছে। শুক্রবার এই সংখ্যা ছিল প্রায় ৮০০। 

শনিবারও গড়ে প্রতিটি বিমানের ওঠানামায় ৫ থেকে ১৯ মিনিট দেরি হয়।বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে চলা প্রযুক্তিগত সমস্যার প্রভাব এখন অনেকটাই কেটে গিয়েছে। মূলত অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস)-এ ত্রুটির কারণেই দেশজুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছিল। এই ব্যবস্থার মাধ্যমেই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা বিনিময় করে থাকে।

শনিবার সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স-এ পোস্ট করে জানিয়েছে, এএমএসএস সংক্রান্ত সমস্যা আপাতত মিটে গিয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) শুক্রবার রাতেই বিবৃতি দিয়ে জানায়, স্বয়ংক্রিয় এই মেসেজিং ব্যবস্থা এখন চালু হলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। সেই কারণে বিমানের ওঠানামায় খানিকটা দেরি এখনও হতে পারে।

এই প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে শুধু দিল্লি নয়, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ  বিমানবন্দরেও। শুক্রবার দিল্লি বিমানবন্দরে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়—প্রায় ৮১ শতাংশ বিমানের ওঠানামায় দেরি হয়, গড়ে ৬২ মিনিট করে পিছিয়ে যায় সময়সূচি। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দাবি—এএআই যদি সময়মতো এএমএসএস ব্যবস্থার আধুনিকীকরণ করত, তাহলে এই পরিস্থিতি এড়ানো যেত। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স গিল্ড অফ ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যেই তারা গত জুলাই মাসে এএআই-কে সতর্ক করেছিল যে দিল্লি ও মুম্বইয়ের মতো ব্যস্ত বিমানবন্দরগুলিতে পুরোনো প্রযুক্তি ব্যবহারের কারণে যে কোনও সময় বড় ধরনের পরিষেবা ব্যাঘাত ঘটতে পারে।