চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: দিল্লির দূষণ নিয়ে আবারও বাড়ছে আতঙ্ক। গত দু’দিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর আবারও বদলাচ্ছে চিত্র। দূষণের মাত্রা তথা একিউআই ছিল ‘খারাপ’ পর্যায়ে। এদিন ফের তা পৌঁছে গেল ‘অতি খারাপ’ পর্যায়ে। আর তা নিয়ে বেশ চিন্তিত ওয়াকিবহাল মহল। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর গড় একিউআই ছিল ৩৩১। সবচেয়ে গুরুতর দূষণ-পরিস্থিতি দেখা গিয়েছে বাওয়ানা (৩৮৭), আনন্দ বিহার (৩৮১), ইন্ডিয়া গেট (৩৭০), ওয়াজিরপুর (৩৬২), বুরারি (৩৬১) ও আরকে পুরমে (৩৫৬)। তুলনামূলকভাবে কিছুটা ভাল অবস্থায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা—সেখানকার একিউআই ২৬৯, যদিও তা এখনও ‘খারাপ’ স্তরেই রয়েছে (Delhi Air Pollution)।
আরও পড়ুনঃ Parenting Discipline: বদলে যাওয়া অভিভাবকত্ব এবং পরিণতি
সকালে শহরের আকাশ ঢেকে গিয়েছিল ঘন ধোঁয়াটে চাদরে। স্বল্প দূরত্বের বস্তুও স্পষ্ট দেখা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে শিশু ও বর্ষীয়ানদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। ক্রমাগত চোখ জ্বালা, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ বেড়েছে বহু মানুষের। দূষণ কমাতে বিভিন্ন এলাকায় চলছে জল ছিটিয়ে কণা নিয়ন্ত্রণের প্রচেষ্টা।দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। দূষণ কমাতে ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। তিন দফা ট্রায়াল হলেও কার্যকর বৃষ্টি হয়নি। বরং ব্যর্থ ট্রায়াল বাবদ খরচ হয়েছে প্রায় ১.০৭ কোটি টাকা। ফলাফল শূন্য, উল্টে একের পর এক দিন বেড়েই চলেছে দূষণের মাত্রা (Delhi Air Pollution)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
কয়েকদিন আগে প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী কিরণ বেদি মন্তব্য করেছিলেন দিল্লির বর্তমান পরিবেশগত পরিস্থিতি নাকি কোভিড-পর্বের সঙ্গে তুলনীয়। রবিবার ও সোমবার ভূমির কাছাকাছি বাতাসের গতি কিছুটা বাড়ায় দূষণের মাত্রা ‘খারাপ’ শ্রেণিতে নেমে আসায় স্বস্তির আভাস মিলেছিল। কিন্তু মঙ্গলবার ফের একিউআই বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বাড়ল রাজধানীবাসীর।দূষণ কমাতে প্রশাসনের নানা উদ্যোগ সত্ত্বেও দিল্লির বাতাস এখনও যেন মৃত্যুফাঁদের মতোই বিপজ্জনক রয়ে গিয়েছে। আর তা নিয়ে বেশ চিন্তিত রাজধানীবাসী (Delhi Air Pollution)।