চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: নগদ কাণ্ডের ঘনঘটা কাটিয়ে অবশেষে এলাহাবাদ হাইকোর্টে জায়গা পেলেন বিচারপতি যশবন্ত ভর্মা। শনিবার তিনি এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নেন। যদিও এই শপথগ্রহণ হয় খুবই সংক্ষিপ্ত এবং রুদ্ধদ্বার অনুষ্ঠানে, কোনও রকম আনুষ্ঠানিকতা বা জনসমাগম ছিল না।
দিল্লির বিলাসবহুল বাংলো থেকে অগ্নিকাণ্ডের পরে পুড়ে যাওয়া অবস্থায় বিপুল পরিমাণ নগদ উদ্ধার হওয়ার পরেই শুরু হয় বিতর্ক। ঘটনায় আলোড়ন পড়ে যায় বিচার মহলে। জানা যায়, ওই সময় বিচারপতি ভর্মা ও তাঁর পরিবার বাড়িতে ছিলেন না। আগুন নেভানোর পরে ঘরে কালো হয়ে যাওয়া নগদের স্তূপ দেখে চমকে ওঠে সবাই।
এই ঘটনার পরই সুপ্রিম কোর্টের কলোজিয়াম তদন্ত শুরু করে এবং সিদ্ধান্ত নেয় তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার। যদিও এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় অসন্তোষ। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলেন, “আমরা কি দেশের ডাস্টবিন?” এমনকি দেশের একাধিক বার কাউন্সিল প্রধান সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বদলির সিদ্ধান্ত বাতিল করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ২৮ মার্চ সুপ্রিম কোর্ট কলোজিয়াম বদলির বিজ্ঞপ্তি জারি করে।
তবে এই বদলির পর বিচারপতি যশবন্ত ভর্মাকে কোনও বিচার সংক্রান্ত দায়িত্ব দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছে কলোজিয়াম।
নগদ কাণ্ডের পর থেকেই বিচারপতি ভর্মা সংবাদ শিরোনামে। আর এবার সেই বিতর্কের মধ্যেই এলাহাবাদ হাইকোর্টে তাঁর চুপিসারে শপথ, যা আরও প্রশ্ন তুলে দিল বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে।