চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই লেবানন ও কাতার থেকে বহু ভারতীয়ের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, লেবানন থেকে প্রথম দফায় ১৭৭ জন ভারতীয় নাগরিক বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।
লেবাননের রাজধানী বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে খবর, বেইরুট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের বিদায় জানান লেবাননে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নূর রহমান শেখ। অন্যদিকে, কাতার থেকেও প্রায় ৫০০ জন ভারতীয় নাগরিক বিমানে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের কারণে বহু ভারতীয় সেখানে বিপাকে পড়েছিলেন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস ও কেন্দ্র সরকারের মধ্যে সমন্বয় করে এই ব্যবস্থা করা হয়েছে।
কূটনৈতিক সূত্রের খবর, পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে আরও ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাগরিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।