চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: ভালো শিক্ষা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলা থেকে ২৭টি শিশুকে নেপালে পাচারের অভিযোগ ওঠার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তারা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ উঠেছে, পাচারের পর শিশুদের ধর্মান্তরিত করার চেষ্টা হয়েছিল। সম্প্রতি পাচার হওয়া ২৭ শিশুর মধ্যে দু’জন কোনোমতে পাচারকারীদের হাত থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে। বাবা-মায়ের কাছে তারা তাদের ওপর ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা খুলে বললে ঘটনাটি সামনে আসে (Jharkhand)।
পুলিশ সুপার অমিত রেনু সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে একটি দল ওই দুই শিশুর গ্রামে গিয়েছিল। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে যে ওই গ্রাম থেকে ১১ জন শিশুকে একই ধরনের প্রলোভন দেখিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সুপার জানান, সেই দলের মধ্যে আরও চারজন শিশু বুধবার বাড়ি ফিরে এসেছে।মোট ১১ জন শিশুর মধ্যে এখনও পাঁচজন নেপালে আটকে আছে বলে জানিয়েছেন এসপি। জেলা প্রশাসন দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে (Jharkhand)।
এসপি রেনু আরও জানান, “জেলার অন্যান্য অংশ থেকে আরও ১৬ জন শিশুর পাচারের একই ধরনের অভিযোগ আমাদের নজরে এসেছে। তবে সে বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।” পুলিশ সুপার নিশ্চিত করেছেন, এই কথিত শিশু পাচারের ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি (Jharkhand)।