ad
ad

Breaking News

Punjab

নেশার বলি শিশু, পাঞ্জাবে দম্পতির অমানবিক কাণ্ড!

সেই টাকা দিয়ে তাঁরা মাদকদ্রব্যের পাশাপাশি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র ও বন্ধক দেওয়া মোটরসাইকেল উদ্ধার করেন।

punjab-child-sold-drug-addicted-parent

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: কথায় আছে, ‘কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনও নয়’ । এবার পাঞ্জাবের এক ঘটনা যেন সেই প্রবাদ নিয়েই উঠছে প্রশ্ন। নেশার টাকার জোগাড় করতে গিয়ে নিজের পাঁচ মাসের সন্তানকেই বিক্রি করে দিল এক মাদকাসক্ত মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মানসা জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ বছরের অভিযুক্ত তরুণী একসময় রাজ্যস্তরে কুস্তিগির ছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে আলাপ হয় এক যুবকের সঙ্গে, পরবর্তীতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে মাদকের নেশায় জড়িয়ে পড়েন ওই তরুণী। নেশার কবলে পড়ে চরম আর্থিক সংকটে পড়ে যায় পরিবারটি। অভিযোগ, অনটনের জেরে রীতিমতো পরিকল্পনা করে ওই দম্পতি তাদের পাঁচ মাসের শিশুকে ১.৮ লক্ষ টাকায় বিক্রি করে দেন এক দম্পতির কাছে। সেই টাকা দিয়ে তাঁরা মাদকদ্রব্যের পাশাপাশি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র ও বন্ধক দেওয়া মোটরসাইকেল উদ্ধার করেন।

ঘটনা জানতে পেরে শিশুটির কাকিমা পুলিশের দ্বারস্থ হন। জেলা শিশু সুরক্ষা আধিকারিক হরজিন্দর কৌর জানান, ‘ আমরা খবর পাই যে, অভিযুক্ত দম্পতি বুধলাদায় এক পরিবারকে শিশুটি দিয়েছে। দুই পরিবারের মধ্যে একটি চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়েছে, যেখানে লেখা ছিল শিশুটিকে ‘দত্তক’ নেওয়া হচ্ছে। তবে আমরা গোটা ঘটনার তদন্ত করছি।‘ বর্তমানে শিশু সুরক্ষা দফতরের হস্তক্ষেপে তদন্ত শুরু হয়েছে।

এক আধিকারিক জানিয়েছেন ‘ওই মাদকাসক্ত দম্পতির কাছে শিশুটিকে ফেরত দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না।‘ স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, ‘ আমরা বহুবার সতর্ক করেছিলাম তাদের নেশা ছাড়তে, কিন্তু তারা কোনো কথা শোনেনি। শেষ পর্যন্ত এমন লজ্জাজনক কাজ করেছে যে গোটা এলাকা হতবাক।‘ মানসা জেলাজুড়ে এখন চাঞ্চল্য ছড়িয়েছে এই অকল্পনীয় ঘটনায়। এখন এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। শুরু হয়েছে তদন্ত।