চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আইসক্রিম খেতে কে না ভালোবাসেন! সেই স্বাদের জিনিস খেতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। আইসক্রিমের মধ্যে দেখা মিলল আস্ত একটি টিকটিকির। এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরার সুন্দর নগরে। সেখানকার সাত বছরের একটি শিশু রাস্তা থেকে আইসক্রিম কিনেছিল। এরপর কিছুটা আইসক্রিম খেতেই শিশুটি দেখতে পায় বাটির মধ্যে রয়েছে টিকটিকি। তৎক্ষণাৎ শিশুটি তার ঠাকুমাকে পুরো ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গে শিশুটির অবস্থা যাতে খারাপ না হয়, তার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।
অন্যদিকে এই ঘটনার পর স্থানীয় লোকজন আইসক্রিম বিক্রেতাকে ধরে ফেলে। তবে, বিক্রেতা আত্মপক্ষ সমর্থন করে বলেন যে আইসক্রিমটি কোম্পানি থেকে প্যাকেজ করা হয়। তাই তিনি জানেন না কি করে আইসক্রিমের মধ্যে এল টিকটিকি। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। তারা গিয়ে ওই আইসক্রিমটির নমুনা সংগ্রহ করে আসেন। কি করে আইসক্রিমের মধ্যে এল টিকটিকি তা এখন স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
বলা বাহুল্য, এই ঘটনা প্রথম নয়। এরআগেও আমেদাবাদের এক মহিলা একটি আইসক্রিমের দোকান থেকে পছন্দের ফ্লেভারের কোন কিনেছিলেন। কিন্তু মোড়ক ছাড়িয়ে খেতে খেতে হঠাৎই দেখেন আইসক্রিমের ভিতরে উঁকি দিচ্ছে টিকটিকির লেজ। তা দেখার পরেই বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মহিলা। তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যান। সেইসঙ্গে ওই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আইসক্রিম থেকে মিলল টিকিটিকি। পরপর একই ধরনের ঘটনায় খাদ্যের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন।