ad
ad

Breaking News

Bus Accident

জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ১৫

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল।

bus-accident-udhampur-jammu-kashmir-15-dead

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে। জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ উধমপুর জেলার রামনগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রিবাহী বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। পথের একটি বিপজ্জনক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে পিছলে গিয়ে উল্টে সোজা খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে খাদে পড়ে যাওয়ার পর বাসের ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উধমপুরের সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি) হাসপাতালেও জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উধমপুরের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ অবিলম্বে শুরু হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফট করার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় শোকজ্ঞাপন করে জানিয়েছেন, দ্রুত উদ্ধার ও চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, এসডিআরএফ এবং স্বাস্থ্য দপ্তরকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁক এবং অতিরিক্ত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার একদিন আগেই রাজৌরি জেলায় একই ধরনের দুর্ঘটনায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৮ জন আহত হন। পরপর দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের।