ad
ad

Breaking News

Bulandshahr

Bulandshahr: খেলার ছলে ছাদে ওঠাই কাল হলো! গণধর্ষণের পর নাবালিকাকে নিচে ছুঁড়ে ফেলল দুই ভাড়াটে

গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Bulandshahr Minor Rape and Murder

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: যোগীরাজ্যে নারী নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক নারকীয় ঘটনা। নিজের বাড়ির ছাদেই এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুই ভাড়াটের বিরুদ্ধে। শুক্রবার রাতের এই পৈশাচিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিশুটি বাড়ির ছাদে খেলা করছিল। পরিবারের অভিযোগ, সেই সুযোগে বাড়িতে থাকা দুই ভাড়াটে চুপিচুপি ছাদে উঠে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালায়। গণধর্ষণের পর প্রমাণ লোপাট করতে তারা শিশুটিকে ছাদ থেকে নিচে ছুড়ে ফেলে দেয়। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও মেয়ে নিচে না নামায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের বাগান থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মৃতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর আসে, অপরাধ করার পর অভিযুক্তরা এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে আত্মগোপন করে আছে। পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দিলে অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের গুলির লড়াইয়ে দুই অভিযুক্তই পায়ে গুলি লেগে আহত হয়। এরপরই তাদের গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ধৃতদের নাম রাজু এবং বীরু কাশ্যপ (মতান্তরে অজু)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ কবুল করেছে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না বা অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বিশদ তদন্ত শুরু করেছে বুলন্দশহর থানার পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা।