ad
ad

Breaking News

Mumbai

ভারতীয় পরিচয়ে কুয়েতে কাজ! মুম্বই বিমানবন্দরে আটক বাংলাদেশি মহিলা

গত ২৫ মে রাতে কুয়েত থেকে মুম্বই ফেরার সময় ইমিগ্রেশন কাউন্টারে তার নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে।

Bangladeshi woman detained at Mumbai airport for working in Kuwait as Indian

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দীর্ঘ ছয় বছর কুয়েতে কাজ করা এক বাংলাদেশি মহিলাকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ওই মহিলার নাম মারিয়াখাতুন মোহাম্মদ মনসুর আলী (৪৮)। তিনি  প্রায় ৩৩ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৫ মে রাতে কুয়েত থেকে মুম্বই ফেরার সময় ইমিগ্রেশন কাউন্টারে তার নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। দায়িত্বে থাকা ইমিগ্রেশন অফিসার সমীর গাইবু পাঠান পাসপোর্টে সন্দেহজনক তথ্য পেয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

জিজ্ঞাসাবাদে মারিয়াখাতুন স্বীকার করেন যে তিনি বাংলাদেশের নাগরিক এবং মাত্র ১৫ বছর বয়সে অর্থনৈতিক সংকটে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ১৯৯২ সালে ভারতে আসার পর মুম্বইয়ের এক ভারতীয় নাগরিক অরবিন্দকুমার হীরালালকে বিয়ে করেন এবং তার পরিচয় ব্যবহার করে ভারতীয় নাগরিকত্বের জন্য জাল কাগজপত্র তৈরি করেন। ২০১৬ সালে তিনি একটি ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন এবং পরে তা দু’বার নবায়ন করেন।

ওই পাসপোর্ট ব্যবহার করেই তিনি ২০১৯ সালে কুয়েতে যান এবং সেখানে ছয় বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন।তদন্তে আরও জানা গেছে, এই পাসপোর্ট ব্যবহার করে তিনি একাধিক দেশ ভ্রমণও করেছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মারিয়াখাতুনের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট সংগ্রহে মিথ্যা তথ্য প্রদান, জাল নথি ব্যবহার এবং বিদেশে ভ্রমণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

তাকে সাহার থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরো প্রক্রিয়ায় কেউ তাকে সহায়তা করে থাকলে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, পাসপোর্ট বিভাগ থেকেও একটি পৃথক তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাটি আবারও পাসপোর্ট ও নাগরিকত্ব প্রদান প্রক্রিয়ায় নিরাপত্তা ও যাচাই-বাছাইয়ের গুরুত্বের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে।