চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: শেখ হাসিনা ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে চলা কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এল বড়সড় খবর। পরিস্থিতি সহজ করতে আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লি ও ঢাকা উভয় দেশের কূটনৈতিক সূত্র অনুযায়ী, এই হাই-প্রোফাইল সফরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদও এই সফরের জোরালো সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন। এটি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর ভারতের মাটিতে এটিই হবে তারেক রহমানের প্রথম সফর।
কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বর্তমান জটিল পরিস্থিতিতে ব্রিকসের মতো কোনো বহুপাক্ষিক ফোরামের চেয়ে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের জন্যই অনেক বেশি লাভজনক হতে পারে। দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তারেক রহমানের সরাসরি মুখোমুখি আলোচনা হতে পারে। বৈঠকে গঙ্গা চুক্তির নবায়ন, দীর্ঘদিনের তিস্তা জলবণ্টন চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য, পরিকাঠামোগত সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি ও সীমান্ত নিরাপত্তার মতো একাধিক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে বড় অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে দেশে রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন সংসদ অধিবেশনসহ নানা ব্যস্ততা থাকায় চূড়ান্ত সূচি নির্ধারণের কাজ চলছে। ভারত প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে সুযোগ তৈরি হয়েছে, ভারতেরও উচিত সেটির পূর্ণ ব্যবহার করা।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে যে বক্তব্য দিচ্ছেন, তা বাংলাদেশের সাধারণ মানুষ একদমই ভালোভাবে গ্রহণ করছেন না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভারত যেন বাংলাদেশের মানুষের এই সংবেদনশীল বিষয়টি অনুধাবন করে। এর পাশাপাশি এই সফরের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দুই দেশের মধ্যে স্পষ্ট বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে বলে জানান তিনি।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপি বাংলাদেশে সরকার গঠন করার পর ভারত, চিন, জাপান ও মালয়েশিয়া সহ একাধিক বন্ধুরাষ্ট্র নতুন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানায়। ইতিমধ্যে তিনি চিন ও মালয়েশিয়া সফর শেষ করেছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ভারত ও জাপান সফরে দেখা যেতে পারে তাঁকে।