চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: মুম্বইয়ের ব্যস্ত লোকাল ট্রেন পরিষেবায় ফের ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-গামী একটি লোকাল ট্রেন থেকে ১০ থেকে ১২ জন যাত্রী পড়ে যান বলে খবর। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে ট্রেনটি চলাকালীন সময়েই। অতিরিক্ত ভিড়ের ফলে ট্রেনের দরজা বা সিঁড়ির ধারে দাঁড়ানো যাত্রীরা নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের ওপর পড়ে যান বলে অনুমান। তবে সরকারিভাবে এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।
স্থানীয় রেলপুলিশ (GRP) এবং RPF সূত্রে খবর, ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় উদ্ধারকারী দল। ট্রেন থামিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনার পরে ফের একবার প্রশ্ন উঠছে মুম্বই লোকাল ট্রেনের অতিভিড় ও যাত্রী সুরক্ষা নিয়ে। প্রতি ঘণ্টায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এই ট্রেনে। পর্যাপ্ত কামরা না থাকা, দরজা খোলা রেখে ট্রেন চলা, কিংবা অসচেতন যাত্রীরাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন রেল সূত্রের একাংশ।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল দফতর। আহত যাত্রীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। রেলমন্ত্রী ও মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।