চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: অন্ধ্রপ্রদেশ রাজ্যে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার নিয়ন্ত্রণে আনতে এক অভিনব আর্থিক সহায়তার পরিকল্পনা করেছে চন্দ্রবাবু নায়ডুর সরকার। রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখতে যে সমস্ত দম্পতি দুই বা তার বেশি সন্তানের জন্ম দেবেন, তাঁদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ভাবছে রাজ্য প্রশাসন। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন। বর্তমানের নিম্নগামী জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান যে, এই প্রকল্পটি আগামী দিনে রাজ্যের জনতাত্ত্বিক চিত্র বদলে দিতে পারে।
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বৃহস্পতিবার বিধানসভায় জানান যে, বর্তমানে অন্ধ্রপ্রদেশে প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট কমে ১.৫ শতাংশে দাঁড়িয়েছে। এই হার প্রতিস্থাপন স্তরের চেয়ে অনেকটাই নীচে নেমে যাওয়ায় সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে এটিকে ২.১ শতাংশে উন্নীত করার। তাঁর মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ নয় বরং সঠিক জনসংখ্যা ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। গড় বয়স বেড়ে যাওয়া এবং কর্মক্ষম মানুষের সংখ্যা কমে আসা কেবল অন্ধ্রপ্রদেশ নয়, বরং বিশ্বজুড়ে অনেক উন্নত দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার মোকাবিলা না করলে রাজ্যের দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা ও অগ্রগতি ব্যাহত হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় দম্পতিরা সন্তানের জন্মের সময় সরাসরি এই আর্থিক সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর মতে, এই পদক্ষেপটি অত্যন্ত কার্যকরী হবে এবং পরিবারগুলিকে উৎসাহিত করবে। চলতি মাসের শেষ দিকেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সব ঠিক থাকলে এপ্রিল মাস থেকেই রাজ্যজুড়ে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।